চাঁদপুরে ব্যবসায়ী ও দাউদকান্দিতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে গত সোমবার রাতে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুর শহরের প্রফেসরপাড়ার ব্যবসায়ী ওয়াহিদুর রহমান (৪০) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার তিনপাড়া গ্রামের আলাউদ্দিন মিয়ার মেয়ে রুপালী আক্তার (১৪)।

চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম বলেন, রাত সাড়ে ১১টায় তিনি খবর পেয়ে ব্যবসায়ী ওয়াহিদুরের বাড়িতে যান। কিন্তু তার আগে তাঁর স্ত্রী তাঁকে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তিনি ওই হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ লাশটির সুরতহাল রিপোট তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দাউদকান্দির তিনপাড়া গ্রামে মারা যাওয়া রুপালীর মা ববিতা বেগম দাবি করেন, গত সোমবার রাতে রুপালীকে পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ১১টার দিকে বসতঘরের পাশের জঙ্গলে একটি রেইনট্রিগাছের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

দাউদকান্দি থানার এসআই মো. কামরুল ইসলাম বলেন, রুপার মা-বাবা বলছেন পড়ার জন্য চাপাচাপি করাতে সে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রুপালীর মামা তিনপাড়া গ্রামের আবুল কাশেম বাদী হয়ে দাউদকান্দি থানায় আজ মঙ্গলবার একটি অপমৃত্যু মামলা করেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাওন শিকদার বলেন, ফাঁসিতে ঝুলে বা অন্য কোনোভাবে আত্মহত্যা করার মতো কোনো আলামত প্রাথমিকভাবে রুপালীর লাশে পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।