চাঁদপুরে এক ব্যক্তি তাঁর ভাবিকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ময়মনসিংহের ত্রিশালে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে এবং মৌলভীবাজারের কুলাউড়ায় এক ছেলের বিরুদ্ধে বাবাকে খুন করার অভিযোগ পাওয়া গেছে।
চাঁদপুরে নিহত গৃহবধূর নাম শারমিন বেগম (২০)। তিনি চাঁদপুর সদরের মমিনপুরস্থ রামচন্দ্রপুর গ্রামের ইউসুফ মিজির স্ত্রী এবং ফরিদগঞ্জ উপজেলার কেওরা গ্রামের তাজুল ইসলামের মেয়ে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন আবদুর রহিমের অভিযুক্ত ছেলে ইয়াছিন মিজিকে (২২) ধরে পুলিশে সোপর্দ করেন।
শারমিনের স্বামী ইউসুফ মিজি অভিযোগ করেন, রমজানের এক মাস আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসেন। তাঁর ছোট ভাই ইয়াছিনকে সৌদি আরবে নেওয়ার কথা ছিল। কিন্তু ভিসা দীর্ঘদিন বন্ধ থাকায় তিনি ইয়াছিনকে নিতে পারেননি। এ নিয়ে ইয়াছিন প্রায়ই তাঁর ভাবি শারমিনকে সন্দেহ করতেন।
ইয়াছিনের মা নুরজাহান বেগম বলেন, মঙ্গলবার রাতের খাওয়া শেষ করার জন্য শারমিনের অনুরোধে ইউসুফ বাড়ির পাশের দোকান থেকে সাবান কিনতে যান। এ সময় ইয়াছিন ধারালো ছুরি দিয়ে তাঁর ভাবি শারমিনের পেটে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতকাল বুধবার নিহত শারমিনের পরিবারের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে।
ত্রিশালে নিহত গৃহবধূর নাম পপি আক্তার (২৪)। তিনি উপজেলার কোনাবাড়ি নদীরপার গ্রামের জনি মিয়ার (৩০) স্ত্রী। পুলিশ জনি মিয়াকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে জনি মিয়ার সঙ্গে পপি আক্তারের বিয়ে হয়। গত মঙ্গলবার রাত ১১টার দিকে পপি ও জনির মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জনি ইট দিয়ে তাঁর স্ত্রীর মাথায় আঘাত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পপিকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজারের কুলাউড়ায় নিহত ব্যক্তি হলেন উপজেলার পূর্ব কর্মধা গ্রামের ঈসমাইল আলী (৬৫)। এ ব্যাপারে গত মঙ্গলবার রাতে কুলাউড়া থানায় হত্যা মামলা হয়েছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ময়মনসিংহ অফিস এবং চাঁদপুর ও জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি}