চাঁদপুরে মহিলা আ.লীগ নেত্রীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক কলোনিতে খুন হয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য কোহিনুর বেগম (৪৫)। প্রতিবেশী নয়ন বেগম নামের এক নারী শনিবার রাতে তাঁকে নিজের বাসায় ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
কোহিনুরের স্বামী মো. আবদুল অভিযোগ করেন, রহমতপুর আবাসিক কলোনির ভূঁইয়া বাড়ির নয়ন বেগম শনিবার রাত আটটার পর ফোন করে কোহিনুরকে তাঁর (নয়ন) বাসায় যেতে বলেন। না যাওয়ায় কিছুক্ষণ পর নয়ন নিজে এসে কোহিনুরকে ডেকে নিয়ে যান। পরে নয়নের বাড়ির একটি ফ্ল্যাটে কোহিনুরকে গলা কেটে হত্যা করে খাটের নিচে ফেলে রাখে। ঘটনার পর নয়ন পালিয়ে যান।
চাঁদপুর মডেল থানার পুলিশ জানায়, হত্যার ঘটনা জানার পর রাতেই চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান ঘটনাস্থলে যান। রাত পৌনে ১২টার দিকে চাঁদপুর মডেল থানার পুলিশ কোহিনুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পলাতক নয়ন বেগমের স্কুল ও কলেজপড়ুয়া দুই মেয়েকে রাতেই পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ হেফাজতে থাকা ওই দুই বোন জানায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে আরেকটি ঘরে বসে তারা পড়াশোনা করছিল। হঠাৎ চিৎকার শুনে তারা মায়ের ঘরে যায়। দরজা বন্ধ দেখে অনেকবার কড়া নাড়াচাড়া করলে তার মা বের হয়ে এসে বলেন, তোমরা পড়তে যাও, কিছু হয়নি। তারা নয়টায় আবার এসে ভেজানো দরজা খুলে দেখতে পায়, তাদের মা ঘরে নেই। একটি লাশ পড়ে আছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নয়ন বেগম এলাকার অনেকের কাছ থেকে সুদ দেওয়ার কথা বলে টাকাপয়সার লেনদেন করে থাকেন। ওই টাকার লেনদেন নিয়ে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন বলেন, হত্যার কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিহত নারীর স্বামী গতকাল একটি হত্যা মামলা করেছেন।
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ সদস্যসচিব মাসুদা নূর খান বলেন, ‘কোহিনুর জেলা মহিলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য ছিলেন। আমরা তাঁর হত্যার সঠিক বিচার চাই।’