চাঁদপুরে রাজমিস্ত্রিকে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এক রাজমিস্ত্রি ও তাঁর ছেলেকে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। মামলার বাদী এবং পুলিশের হুমকির কারণে আদালতে হাজিরা দিতে পারছেন না তিনি। মামলার খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি।
রাজমিস্ত্রি শহীদুল্লাহ (৫০) উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামের বাসিন্দা। অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনটি মামলায় তাঁকে ও তাঁর ছেলে শামীমকে (২৫) আসামি করা হয়।
শহীদুল্লাহর পারিবার সূত্রে জানা গেছে, অটোরিকশা চুরির ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর কচুয়া থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিন থেকে চারজনকে আসামি করে একটি মামলা হয়। ১৫ সেপ্টেম্বর কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) ছাদেকুর রহমান তাঁকে হাজীগঞ্জ বাজার থেকে আটক করেন। ওই দিন থেকেই শামীম পলাতক। পরে শহীদুল্লাহকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়। ২৭ আগস্ট ফরিদগঞ্জ ও ১২ সেপ্টেম্বর চাঁদপুর সদর থানায় দায়ের হওয়া অটোরিকশা চুরির আরও দুটি মামলায় তাঁকে জড়ানো হয়। মামলা দুটি বর্তমানে গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। দুই মাস জেল খাটার পর শহীদুল্লাহ জামিনে ছাড়া পান।
শহীদুল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সারা জীবন রাজমিস্ত্রির কাজ করেছি। একটু সচ্ছল হওয়ায় এলাকার একটি চক্র প্রতিহিংসাপরায়ণ হয়ে আমাকে ও ছেলেকে সিএনজি চুরির ঘটনায় জড়িয়েছে।’
শহীদুল্লাহর স্ত্রী নাজমা বলেন, থানা-পুলিশ ও আদালত করতে যেয়ে ইতিমধ্যে তাঁদের প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে। এ খরচ মেটাতে বর্গা গরু (অন্যের গরু এনে পালন) ও বাড়ি বিক্রি করেছেন। এখন ছয় ছেলেমেয়ে নিয়ে দুই বেলা দুমুঠো ভাত জোটানো তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে।
শহীদুল্লাহ অভিযোগ করে বলেন, সদর থানার মামলার বাদী মোতালেব খান ও ডিবি পুলিশের এসআই মামুনুর রশিদের অব্যাহত হুমকির কারণে আদালতে তিনি হাজিরা দিতে পারছেন না। মোতালেব খান হুমকি দেওয়ার কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, শহীদুল্লার ছেলে শামীম অটোরিকশা চোরচক্রের সঙ্গে জড়িত।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ছাদেকুর রহমান বলেন, শামীম সরাসরি চুরির সঙ্গে জড়িত। সিএনজি চুরির পর শামীম তাঁর বাবার কাছে রাখত। পরে মালিকের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহ করে গাড়ি ফেরত দিত। আবার কোনোটির ক্ষেত্রে টাকা নিয়েও গাড়ি ফেরত দিত না। মামলার অভিযোগপত্র এখনো হয়নি বলে জানান তিনি।
ছাদেকুর রহমান আরও বলেন, ‘এখনো মামলার চার্জশিট হয়নি। তাকে যোগাযোগ করতে বলেন, টাকা-পয়সা নিয়ে আসতে বলেন। তাঁকে মামলা থেকে বাদ দেওয়া যাবে। তবে ছেলেকে দেওয়া যাবে না।’
ডিবির এসআই মামুনুর রশিদ বলেন, ‘এজাহারভুক্ত আসামিদের জিজ্ঞাসাবাদে তাঁর নাম এসেছে। আমি দুটি মামলা তদন্ত করছি। দুটিতেই তাঁর নাম আছে।’ তাঁকে হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন ঘটনা সে আমাকে জানায়নি।’
গ্রামের বাসিন্দা হানিফ, সবুজ ও সিরাজুল ইসলাম মজুমদার বলেন, শহীদুল্লাহ ও শামীমকে কখনো বাড়িতে অটোরিকশা রাখতে দেখিনি। রাজমিস্ত্রির কাজ করে কোনোরকমে তাঁরা সংসার চালান।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজী বলেন, একটি নিরীহ লোককে মামলায় জড়িয়ে তাঁর পরিবারকে পথে বসানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, ‘শহীদুল্লাহ ও তাঁর ছেলে অটোরিকশা চোরচক্রের সঙ্গে জড়িত। আমাদের কাছে প্রমাণ আছে। তিনি নির্দোষ হলে তাঁকে প্রমাণ করতে বলেন।’