চাঁদপুরে লঞ্চে বাড়তি যাত্রী নাম নেই হিসাব খাতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মাওয়ায় মর্মান্তিক দুর্ঘটনার পরও চাঁদপুর থেকে সব কটি লঞ্চ ধারণক্ষমতার দ্বিগুণ, তিন গুণ যাত্রী বহন করছে। অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) হিসাব খাতায় যাত্রীসংখ্যার উল্লেখ থাকছে না।
যদিও লঞ্চের নাম, আসা ও যাওয়ার সময় লগ বইয়ে ওঠানো হচ্ছে। অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চগুলো চাঁদপুর ঘাট ছাড়লেও স্থানীয় প্রশাসন এ পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।
বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) কাউসারুল ইসলাম স্বীকার করেন, লগ বইয়ে যাত্রীসংখ্যার হিসাব রাখার নিয়ম থাকলেও এ পর্যন্ত তা রাখা হয়নি। কারণ হিসেবে তিনি বলেন, এই ঘাটটি বিকল্প লঞ্চঘাট, তাই রাখা হচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার লঞ্চ ‘আব এ জম জম’-এর চাঁদপুর ছাড়ার কথা ছিল বেলা পৌনে একটায়। কিন্তু নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট আগে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর ধারণক্ষমতা সাড়ে ৭০০, বহন করে দুই হাজারের বেশি যাত্রী। নিজস্ব অনুসন্ধানে এবং যাত্রীদের অভিযোগে এই তথ্যের সত্যতা পাওয়া যায়। লঞ্চটি ছাড়ার সময় বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যদের সেখানে অবস্থান করতেও দেখা যায়।
এর আগে সকাল সাড়ে ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমভি আল রফ রফসহ বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যায়। বেলা দুইটা ৪০ মিনিটে ছেড়ে যায় এমভি সোনারতরী। কিন্তু একটি লঞ্চেরও যাত্রীসংখ্যার হিসাব বিআইডব্লিউটিএর খাতায় দেখা যায়নি। চাঁদপুর থেকে ঢাকায় ছেড়ে যাওয়া বিভিন্ন লঞ্চের এবং বিআইডব্লিউটিএর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারীদের সূত্রে জানা যায়, চাঁদপুর লঞ্চঘাট দিয়ে প্রতিদিন কমপক্ষে ২০ হাজার যাত্রী ঢাকায় যাচ্ছেন। এসব যাত্রীর অনেকেই লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লাসহ আশপাশ এলাকা থেকে চাঁদপুরে এসেছেন।