চাঁদপুরে লঞ্চের কেবিনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে একটি লঞ্চের কেবিনে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এমভি মিতালী নামের ওই লঞ্চ গত রাত পৌনে ১০টার দিকে চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ১৫-২০ মিনিট পর আনন্দবাজার এলাকায় লঞ্চের দ্বিতীয় তলার একটি কেবিনে আগুন লাগে। এ সময় যাত্রীদের চিৎকারে লঞ্চের কর্মচারীরা এসে আগুন নেভান। ঘটনার পর নিরাপদেই লঞ্চটি গন্তব্যে যাত্রা করে।
মাসুদ নামের এক যাত্রী দাবি করেন, তিনি ও আরও কয়েকজন ওই কেবিনের ঠিক ওপরের কেবিনে ছিলেন। পেট্রলবোমা মেরে এ আগুন দেওয়া হয়।
তবে লঞ্চের সুপারভাইজার লিটন ব্যাপারি বলেন, সিগারেটের আগুন লেগে এ ঘটনা ঘটতে পারে। আর লঞ্চের মাস্টার খোকন জানান, ঘটনার পর ওই কেবিনের যাত্রীকে খুঁজে পাওয়া যায়নি।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির আহমেদ বলেন, ‘লঞ্চে যাত্রীর সংখ্যা কম ছিল। তল্লাশি করে যাত্রী উঠিয়েছি। কোনো দুর্বৃত্ত ওঠার সুযোগ ছিল না। তবে যে কেবিনে ঘটনা ঘটেছে, সেটার ওপরের কেবিনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরসহ কয়েকজন নেতা-কর্মী ছিলেন।’
জেলা পুলিশ সুপার আমির জাফর বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।