শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার ২
চাঁদপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ছাত্রী ধর্ষণের অভিযোগে চাঁদপুর শহরের একটি কলেজের খণ্ডকালীন শিক্ষক অঞ্জন কুমারকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ফরিদগঞ্জে রুবিনা আক্তার (৭) নামের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গত মঙ্গল ও বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা থানায় একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের পর পুলিশ অঞ্জন কুমারকে গ্রেপ্তার করতে প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানে ও পরে তাঁর বাবুরহাটের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে পায়নি। পরে খবর পেয়ে সদর উপজেলার বালিয়া গ্রামের দাসবাড়ি মন্দির থেকে তাঁকে গ্রেপ্তার করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক ও উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।
ওই কলেজের অধ্যক্ষ জানান, গত মঙ্গলবার মেয়ের পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ওই শিক্ষককে জানানো হয়। অভিযোগ প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মেয়ের মামাসহ কয়েকজন এলাকাবাসী বলেন, অঞ্জন দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেনে এনে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন। বিষয়টি ওই ছাত্রীর মা কলেজ কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।
আরিচুল হক জানান, ওই ছাত্রীর মায়ের অভিযোগের পরপরই অঞ্জনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশি হেফাজতে থাকায় অভিযুক্ত অঞ্জনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জে রুবিনাকে ধর্ষণের পর হত্যার আসামিদের ধরতে পুলিশ সুপার শামসুন্নাহারের নেতৃত্বে পুলিশ গত মঙ্গলবার বিভিন্ন স্থানে অভিযান চালায়। ওই রাতে ফরিদগঞ্জের পূর্ব সেকদি গ্রামের মাসুম হোসেন ওরফে মিন্টুকে (২৫) লক্ষ্মীপুর সদরের হাজিরহাটের একটি ক্লাবঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বুধবার রাতে গাজীপুরের কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি ঘর থেকে একই গ্রামের মো. জুয়েলকে (২২) গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) খন্দকার ইসমাইল জানান, গত ২৬ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রুবিনাকে একা পেয়ে জুয়েল ও মাসুম একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে তাঁরা রুবিনাকে হত্যার পর লাশ বস্তাবন্দী করে পাশের বিলের একটি ঝোপে ফেলে দেন। ২৯ জুলাই রুবিনার বাবা টেলু মিজি থানায় জিডি করেন। প্রায় এক মাস পর ২৫ আগস্ট রুবিনার মা ফাতেমা বেগম ওই এলাকার পাইওনিয়র মৎস্য হ্যাচারির কাছে বিলের ঝোপে রুবিনার লাশ দেখতে পান। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় টেলু মিজি বাদী হয়ে একটি মামলা করেন।