চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের শিলাস্থান গ্রামের ঈদগাহ-সংলগ্ন ইবতেদায়ি মাদ্রাসায় গতকাল রোববার মাদ্রাসার শিক্ষককে শিক্ষার্থীদের সামনে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। এর আগে গত শনিবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলেন কচুয়ার শাহ আলম (৬০) এবং গফরগাঁওয়ের মো. শিপন মিয়া (৩৫)। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কচুয়ার সাচার পুলিশ ফাঁড়ির এসআই মোস্তফা জানান, গতকাল সকালে শিক্ষার্থীদের আরবি পড়াচ্ছিলেন শাহ আলম। এ সময় একই এলাকার মো. রনি (২০) মাদ্রাসার ভেতরে ঢুকে শাহ আলমের পেটে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন রনিকে আটক করে পুলিশে দেয়।
আহত শাহ আলমকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক শিকদার বলেন, ঘটনার আগের দিন ওই মাদ্রাসা প্রাঙ্গণে রনি তাঁর কয়েকজন বন্ধু মিলে মাদক সেবন করছিলেন। এ সময় শাহ আলম তাঁদের বাধা দেন। শাহ আলম ও রনি একে অপরের আত্মীয়।
কচুয়া থানার ওসি এ কে এম ইকবাল বলেন, পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় কচুয়া থানায় শাহ আলমের ছেলে এমরান একটি হত্যা মামলা করেছেন।
গফরগাঁওয়ে নিহত শিপন মিয়া ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাঁর বাড়ি গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের কান্দপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শিপন মোটরসাইকেল নিয়ে বের হন। রাত ১০টা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় শিপনের পরিবারের সদস্যরা নানা জায়গায় তাঁর খোঁজ করেন। পরে গতকাল রোববার দুপুরে মশাখালী ইউনিয়নের মশাখালী রেলওয়ে স্টেশন-সংলগ্ন দড়ি চাইরবাড়িয়া গ্রামের একটি স্থানে ধানখেতে শিপনের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে গফরগাঁও উপজেলার পাগলা থানার পুলিশ লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শিপনের মাথা ও কপালে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শিপনের লাশ উদ্ধার করা হলেও তাঁর মোটরসাইকেলটি কোথাও পাওয়া যায়নি।
পাগলা থানার ওসি চান মিয়া বলেন, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা শিপন মিয়াকে হত্যা করেছে। নিহত শিপনের স্ত্রী মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।