চাঁদপুরে সড়ক ও জনপথ কার্যালয়ে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক ও জনপথ বিভাগের চাঁদপুর কার্যালয়ে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় সওজের নির্বাহী প্রকৌশলীর জিপ গাড়িও পেট্রলবোমা দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
সওজের নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন বলেন, আজ সন্ধ্যায় সওজের জেলা কার্যালয়ের নিচতলায় দুর্বৃত্তরা দুটি ককটেল ছুড়ে মারে। এ সময় তারা একটি গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে। নিচতলায় থাকা কর্মচারীরা দ্রুত গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।