চাঁদপুরে স্ত্রী, সরিষাবাড়ীতে ফুফুকে হত্যার অভিযোগ
চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুরের তেরিজপুল এলাকায় গত মঙ্গলবার রাতে এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া গতকাল বুধবার জামালপুরের সরিষাবাড়ীতে ইতালিপ্রবাসী ফুফুকে তাঁর ভাতিজা ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত দুজন হলেন চাঁদপুরের তেরিজপুল খানবাড়ির নজরুল খানের ছেলে বাবুল খানের স্ত্রী সালমা বেগম (২৫) ও সরিষাবাড়ী উপজেলার চর সরিষাবাড়ী গ্রামের ইমাম আলীর স্ত্রী নীলি বেগম (৪০)।
চাঁদপুরে নিহত সালমার মা রাশিদা বেগম ও পুলিশ সূত্রে জানা গেছে, সাড়ে তিন বছর আগে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের দোকানঘর এলাকার মিজি বাড়ির লতিফ মিজির মেয়ে সালমা বেগমের সঙ্গে বাবুল খানের (৩৫) বিয়ে হয়। বিয়ের সময় বাবুলকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য জিনিসপত্র দেওয়া হয়। এরপরও বাবুল সালমাকে তাঁর বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দিতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়েছে। ইতিমধ্যে সালমার মা-বাবা বাবুলকে নগদ ৩৫ হাজার টাকা দিয়েছে ব্যবসা করার জন্য। তারপরও সমিতি থেকে ঋণ তুলে দেওয়ার জন্য সালমাকে চাপ দিতে থাকেন বাবুল। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে বাবুল খান মঙ্গলবার রাতে সালমাকে হত্যা করেন। গতকাল ভোর রাত চারটায় পাশের ঘরের এক নারী সালমার মৃত্যুর খবর তাঁর মা-বাবাকে ফোনে জানান। চাঁদপুর সদর মডেল থানার ওসি ওয়ালী উল্লাহ বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ গতকাল ঘটনাস্থলে গিয়ে সালমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই গৃহবধূর স্বামী বাবুল খানকে আটক করা হয়েছে।’
সরিষাবাড়ী থানার পুলিশ ও নিহত নারীর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চরসরিষাবাড়ী গ্রামের ইমাম আলীর স্ত্রী ইতালিপ্রবাসী নীলি বেগম ১০ দিন আগে বাংলাদেশে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। এর অংশ হিসেবে তিনি গত মঙ্গলবার পৌর শহরের ধানাটা গ্রামে তাঁর ভাই রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় ভাতিজা সুমন মিয়ার সঙ্গে তাঁর কথা-কাটাকাটির হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে সুমন ফুফুর মাথায় আঘাত করার পর পেটে ছুরিকাঘাত করে। ছুরি মারার পর বখাটে সুমন ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়। পরে অন্য লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাত সাড়ে সাতটায় তাঁর লাশ পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে সুমন ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। সরিষাবাড়ী থানার ওসি মো. রেজাউল ইসলাম খান বলেন, নিহত প্রবাসী নারীর লাশ উদ্ধার করা হয়েছে।