চাঁদপুরে ১০ জেলের ২ বছর করে সাজা, বাগেরহাটে জাটকা জব্দ
চাঁদপুরের হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে বরিশালের ১০ জেলেকে দুই বছর করে সাজা দেওয়া হয়েছে। এঁরা হলেন হিজলা এলাকার আবুল কালাম (৩৫), রাকিব মাঝি (২৪), তোফায়েল আহমেদ (২৮), কামাল মাঝি (৪২), শহীদ মোল্লা (৪৩), ফজলু হাজারী (৩৫), আনোয়ার ব্যাপারী (৩২), সুমন মাঝি (২৬), আলী হোসেন(২৬ ও সুমন মাঝি (২৪)।
হাইমচরের নীল কমল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিকদার হাসানুজ্জামান বলেন, পুলিশ অভিযান চালিয়ে আজ সোমবার সকালে হাইমচরের মেঘনা নদী থেকে ১০ জেলেকে আটক করা হয়। এ সময় ২০ কেজি জাটকা ও ৬০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট (হাইমচরের ইউএনও) আবু হাসনাত মো. মইনুদ্দিন আটক জেলেদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেন।
এদিকে চাঁদপুরে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১৬ লাখ মিটার ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ২৪০ কেজি পাঙাশের পোনাসহ দুজনকে আটক করেছে। আজ সোমবার দুপুরে আটক রশিদ মাতাব্বর (৪০) ও জীবন হাওলাদারকে (২৭) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবা উল সাবেরিন এক বছর করে কারাদণ্ড দেন।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার এম আতাহার আলী বলেন, রোববার মধ্যরাতে চাঁদপুরের মেঘনা মোহনায় এ অভিযান চালানো হয়। মুন্সিগঞ্জ থেকে মেহেন্দিগঞ্জ যাওয়ার পথে একটি নৌকা থেকে এসব কারেন্টজাল এবং কালীগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে এমভি সম্পদ লঞ্চ থেকে এসব পাঙাশের পোনা জব্দ করে। জাল ও পাঙাশের পোনার আনুমানিক মূল্য ৩ কোটি ৩৯ লাখ টাকা।
এদিকে বাগেরহাটের একটি মৎস্য আড়ত থেকে ২২০ কেজি জাটকা ও ১০০ কেজি পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার ভোর চারটায় শহরের কেবি মৎস্য আড়তে হানা দিয়ে বিক্রিনিষিদ্ধ ওই মাছ জব্দ কর হয়। এ সময় দুই মাছ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম নাজিম উদ্দিন এ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, ‘নিষিদ্ধ পিরানহা ও জাটকার একটি চালান আসছে বাগেরহাটে। এমন গোপন খবরে সোমবার ভোরে কেবি মৎস্য আড়তে অভিযানে যাই। এ সময় জাটকা ও নিষিদ্ধ পিরানহাসহ দুই বিক্রেতাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাছ ব্যবসায়ী কচুয়ার বাধাল এলাকার সত্তার আলী সরদারকে (৬৫) ৫০ হাজার টাকা ও শহরের বাসাবাটি এলাকার মো. মিনহাজ হোসেনকে (৪০) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ করা জাটকা আটটি এতিমখানায় দেওয়া হয়েছে এবং পিরানহা মাছগুলো ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।