চাঁদপুরে ১০০ ভরি সোনাসহ ট্রেনযাত্রী গ্রেপ্তার
চাঁদপুরে ১০০ ভরি সোনাসহ আটক হয়েছেন এক ট্রেনযাত্রী। গত শনিবার দিবাগত রাতে চাঁদপুর রেলস্টেশন এলাকা থেকে তাঁকে আটক করে জিআরপি পুলিশ।
ওই ট্রেনযাত্রীর নাম মৃদুল চন্দ্র ধর (৪০)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার জুনরাম ধরের ছেলে।
চাঁদপুর রেলওয়ে থানার পুলিশ (জিআরপি) সূত্রে জানা গেছে, স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে জিআরপি থানার সব পুলিশ ট্রেনের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। পর্যায়ক্রমে যাত্রীদের তল্লাশি চালিয়ে সন্দেহজনকভাবে মৃদুল চন্দ্রকে আটক করা হয়। এ সময় তাঁর ব্যাগের মধ্যে ১০টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০ ভরি। তিনি স্বর্ণগুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসেন। রাতেই তাঁর চাঁদপুর থেকে লঞ্চযোগে ঢাকায় যাওয়ার কথা ছিল।
চাঁদপুর রেলওয়ে থানার ওসি ওসমান গণি পাঠান জানান, মৃদুল চন্দ্র ধরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে রেলওয়ে থানায় মামলা হয়েছে।