চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে গতকাল রোববার ২৪ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্কুলশিক্ষিকাকে (২৫) উত্ত্যক্ত করার অভিযোগে এক রাজমিস্ত্রিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
হাইমচর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার রাতভর হাইমচরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক করা হয়। পরে গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন ইউএনও মো. সাইফুল ইসলাম। এ সময় ২২ জেলের প্রত্যেককে দেড় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অপর দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এদিকে হাইমচরের চরভৈরবীতে জাটকা ধরা ও বেচাকেনায় বাধা দেওয়ায় শনিবার জেলেদের হামলায় স্থানীয় চরভৈরবী আওয়ামী লীগের সভাপতি আহমদ আলী মাস্টারসহ (৬০) ১০ নেতা-কর্মী আহত হন। পরে এ ঘটনায় আট জেলেকে গ্রেপ্তার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ওই হামলার ঘটনায় থানায় গতকাল একটি মামলা হয়েছে।
কুলাউড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষিকার বাড়ি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে। তিনি ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের তৌফিক আলী (২২) নামের এক রাজমিস্ত্রি প্রায়ই তাঁকে উত্ত্যক্ত করতেন।
শনিবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তৌফিক পথ রোধ করে ওই শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দেন।
একপর্যায়ে শিক্ষিকার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তৌফিককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
গতকাল দুপুর ১২টার দিকে ইউএনও মোহাম্মদ নাজমুল হাসানের আদালতে তাঁকে হাজির করা হয়। আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কুলাউড়া থানার ওসি মো. মতিয়ার রহমান গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, তৌফিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।