চাঁদপুরে ৪০০ কোটি টাকার বালুর অবৈধ ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে অপরিকল্পিতভাবে বালু তোলা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও তা থামছে না। প্রতিবছর প্রায় ৪০০ কোটি টাকার বালুর ব্যবসা হচ্ছে এখানে। জেলা প্রশাসন বলছে, চাঁদপুরে কাউকে বালু তোলার অনুমতি দেওয়া হয়নি।
অবৈধ এই বালু ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের তিনজন নেতা। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে তিন হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা চাঁদপুর শহর ও হাইমচর নদীর তীর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় বাঁধের ব্লক দেবে গেছে।
এই তিন নেতা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওচমান গনি পাটওয়ারী, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম খান, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল হক।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চাঁদপুরে আটটি বালুমহাল আছে। তবে এসব মহাল ইজারার ওপর ২০০৭ সাল থেকে বিভিন্ন সময় হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে।
চাঁদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ), কোস্টগার্ড ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মেঘনা নদীর চারটি এলাকায় প্রতিদিন অন্তত ৮০টি খননযন্ত্রের (ড্রেজার) সাহায্যে বালু উত্তোলন করা হচ্ছে। প্রতিটি খননযন্ত্র প্রতিদিন প্রায় ২০ হাজার ঘনফুট বালু তোলে। এই হিসাব অনুযায়ী, ৮০টি খননযন্ত্র প্রতিদিন প্রায় ১৬ লাখ ঘনফুট বালু উত্তোলন করতে পারে। প্রতি ঘনফুট বালু স্থানীয় ক্রেতারা সাত টাকায় কেনেন। এ হিসাবে প্রতিদিন ১ কোটি ১২ লাখ টাকা মূল্যের বালু উত্তোলন করা হয়। বছর শেষে এই অঙ্ক দাঁড়ায় অন্তত ৪০০ কোটি টাকায়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সদরের রাজরাজেশ্বর এলাকায় তিনটি খননযন্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে বালু তুলছেন ওচমান গনি পাটওয়ারী। সদরের হরিণা ও হাইমচরের চরভৈরবী এলাকায় দুটি খননযন্ত্র দিয়ে ২০০৭ সাল থেকে বালু উত্তোলন করছেন সেলিম খান। মতলব উত্তর উপজেলার মোহনপুর, ছটাকী ও ষাটনল এলাকায় ৭০টি খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন শামসুল হক। তিনি ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর চাচাতো ভাই।
গত ৯ এপ্রিল মুঠোফোনে জানতে চাইলে শামসুল হক বলেন, অনুমতি নিয়েই বালু তোলা হচ্ছে। এ-সংক্রান্ত কাগজপত্রও তাঁদের আছে। তবে কাগজপত্রে একটু ঝামেলা ছিল, ঠিকঠাক করা হচ্ছে।
ওচমান গনি পাটওয়ারী বলেন, ‘এই ব্যবসার সঙ্গে আমি যুক্ত নই। কেউ হয়তো শত্রুতা করে আমার নাম বলেছেন। আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে রয়্যালটি দিয়ে সেলিম খান বালু তুলছেন।’
ইউপি চেয়ারম্যান সেলিম খান বলেন, ‘আপনি ডিসি (জেলা প্রশাসক) সাহেবের কাছ থেকে জানবেন কারা কীভাবে বালু তুলছেন।’ তিনি দাবি করেছেন, হাইকোর্টে তাঁর একটি রিট রয়েছে। তবে এ-সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একজন প্রকৌশলী প্রথম আলোকে বলেন, তিন হাজার কোটি টাকায় চাঁদপুর শহর ও হাইমচর নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু অপরিকল্পিতভাবে খননের কারণে এ বাঁধ হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে বাঁধের পুরানবাজার, বড় স্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে ব্লক দেবে গেছে। এ ছাড়া অপরিকল্পিতভাবে খননের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে। নাব্যতা কমে যাচ্ছে।
চাঁদপুরের বিআইডব্লিউটিএর উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বিআইডব্লিউটিএর হাইড্রোগ্রাফি বিভাগের জরিপ ও নকশা ছাড়া কেউই বালু তুলতে পারেন না। কিন্তু দেখা গেছে, ‘হাইকোর্টের নির্দেশনা’ আছে—এমন দাবি করে কেউ কেউ মেঘনার বিভিন্ন স্থানে অবাধে বালু তুলছেন। তাঁদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওচমান গনি রয়েছেন।
জানতে চাইলে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয় দেওয়ান বলেন, ‘সদরে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। কেউ বালু উত্তোলন করে থাকলে সেটা বিআইডব্লিউটিএর দেখার বিষয়।’
হাইমচরের ইউএনও সারওয়ার কামাল বলেন, ‘চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউপির চেয়ারম্যান সেলিম খান তাঁর ড্রেজার দিয়ে চরভৈরবী ইউনিয়নে বালু তুলছেন বলে অভিযোগ এসেছে। এই প্রেক্ষাপটে মৌখিক আপত্তি জানালে সেলিম খান তাঁর পক্ষে হাইকোর্টের নির্দেশ আছে বলে দাবি করেন।
মতলব উত্তরের ইউএনও মফিজুল ইসলাম বলেন, ছটাকী ও ষাটনল এলাকায় বেশ কয়েকটি খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। গত কয়েক মাসে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মতো জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে সাজা দেওয়া হয়। এরপরও কেউ বালু তুলছেন—এমন অভিযোগ পেলে আবারও অভিযান চালানো হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগের নাম ভাঙিয়ে যাঁরা বালু তুলছেন, তাঁদের বিষয়ে আমরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার তুলে ধরছি। গত ২৫ ফেব্রুয়ারি সভায় মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর উপস্থিতিতে সেলিম খানের বালু তোলার বিষয়ে অভিযোগ উত্থাপন করা হয়। ২ এপ্রিলও আইনশৃঙ্খলা কমিটির সভায় মন্ত্রীর উপস্থিতিতে বালু তোলার বিষয়টি দেখা কার দায়িত্ব, এ বিষয়ে প্রশ্ন তোলা হয়। এই প্রেক্ষাপটে জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল অতিরিক্ত জেলা হাকিমকে বিষয়টি দেখার দায়িত্ব দেন।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহম্মদ লুৎফুর রহমান বলেন, ‘আমরা চাঁদপুরে কাউকে এ পর্যন্ত বালু তোলার কোনো অনুমতি দিইনি।’