চাঁদপুরে ৮৪ মণ ইলিশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে নৌ পুলিশ ৮৪ মণ ইলিশসহ তিনজনকে আটক করেছ। হরিণা ফেরিঘাট, সদর উপজেলা, চাঁদপুর ১১ এপ্রিল। ছবি: আলম পলাশ
চাঁদপুরে নৌ পুলিশ ৮৪ মণ ইলিশসহ তিনজনকে আটক করেছ। হরিণা ফেরিঘাট, সদর উপজেলা, চাঁদপুর ১১ এপ্রিল। ছবি: আলম পলাশ

চাঁদপুরে নৌ পুলিশ অভিযান চালিয়ে একটি মিনি ট্রাকভর্তি ৮৪ মণ ইলিশসহ তিনজনকে আটক করেছে। আজ বুধবার সকালে সদর উপজেলার হরিণা ফেরিঘাট থেকে তাঁদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হচ্ছেন চট্টগ্রামের আবু তালেব (৩৫), মাহবুব আলম (৩০) ও ইসকান্দার (২৮)। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হক ট্রাক তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

চাঁদপুর নৌ থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হাসানুজ্জামান জানান, ৮৪ মণ ইলিশসহ ট্রাকটি মঙ্গলবার দিবাগত রাত দুইটায় হরিণা ফেরিঘাট দিয়ে শরীয়তপুর যাচ্ছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ইলিশসহ তিনজনকে আটক করা হয়। আটক মৎস্য ব্যবসায়ীর মালিক প্রতিনিধি আবু তালেব জানান, চট্টগ্রাম সাগর অঞ্চলে ধরা পড়া এসব বড় ইলিশের চালান নিয়ে তাঁরা চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে মাগুরায় যাচ্ছিলেন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বলেন, আটক এসব ইলিশের মূল্য ১০ লাখ টাকা। বর্তমানে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে এসব ইলিশ একটি মৎস্য হিমাগারে রাখা হয়েছে।