চাঁদপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের সঙ্গে দেশের সব সড়কপথে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 
দাবি পূরণের বিষয়ে প্রশাসনের আশ্বাসের পর আজ বুধবার বেলা একটার দিকে এ ঘোষণা দেয় ধর্মঘট আহ্বান করা জেলা শ্রমিক পরিবহন ইউনিয়ন।
বাসের এক চালকের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ ভোর থেকে অনির্দিষ্টকালের ওই ধর্মঘট ডাকা হয়েছিল। ধর্মঘটের কারণে সকাল থেকে চাঁদপুরের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, দিনাজপুর, বগুড়াসহ ১৭টি সড়কপথে বাস চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ধর্মঘট ডাকা শ্রমিকদের সঙ্গে বেলা ১১টার দিকে বৈঠকে বসে প্রশাসন। প্রশাসনের পক্ষে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বৈঠকে অংশ নেন। এ ছাড়া ছিলেন জেলা বাস মালিক সমিতির সভাপতি আবু নঈম দুলাল পাটোয়ারী, জেলা শ্রমিক পরিবহন ইউনিয়নের সভাপতি ফারুক দেওয়ান প্রমুখ। দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক শেষ হয়। বেলা একটার দিকে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। 
পরিবহন ইউনিয়নের সভাপতি ফারুক দেওয়ান বলেন, ‘হামলাকারীদের গ্রেপ্তার, বিচারসহ পাঁচটি দাবি তুলেছি আমরা। তিন দিনের মধ্যে দাবি পূরণ না হলে আবার ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। তবে এখন থেকে বাস চলাচল করবে।’

ওসি আবদুল কাইয়ুম বলেন, ‘অভিযোগ ওঠা হামলাকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এখন বাস চলাচল শুরু হয়েছে।’
এর আগে সকালে ফারুক দেওয়ান বলেন, গতকাল মঙ্গলবার রাতে চাঁদপুর-ঢাকা রুটের পদ্মা এক্সপ্রেস বাসের চালক খোকন চৌকিদারের (৪০) ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এর প্রতিবাদ ও বিচারের দাবিতে তাঁরা এই ধর্মঘট ডাকেন।
চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন খোকনের ভাষ্য, গতকাল রাতে একদল দুর্বৃত্ত তাঁর কাছে চাঁদা দাবি করে। তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এরপর তাঁকে চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে তুলে নেওয়া হয়। পার্শ্ববর্তী ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পে নিয়ে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত ও বেদম মারধর করে। পরে অচেতন অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বাসচালক ও শ্রমিকেরা জানান, হামলার খবর আজ ভোরে ছড়িয়ে পড়ে। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবি জানান তাঁরা। এই দাবিতে অনির্দিষ্টকালের জন্য চাঁদপুরের সঙ্গে ঢাকাসহ অন্যান্য জেলায় চলাচলকারী বাস বন্ধ করে দেওয়া হয়।
পরিবহন ইউনিয়নের ভাষ্য, স্থানীয় একটি চাঁদাবাজচক্র প্রায়ই বাসচালক ও শ্রমিকদের ওপর এমন হামলা চালিয়ে আসছে।