চাঁদা আদায় নিয়ে সংঘর্ষে নিহত ১
চাঁদা আদায়কে কেন্দ্র করে গত মঙ্গলবার নাটোরের বড়াইগ্রামের রশিদ অটো রাইসমিলের শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারখানাটি গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
চালকলের মালিক আবদুর রশিদ বলেন, ‘কমিশনের টাকার ভাগাভাগি নিয়ে এই খুনোখুনি। আমি উভয় পক্ষকে ডেকে বহুবার সতর্ক করেছি। স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানিয়েছি। কেউ গুরুত্ব দেয়নি। গ্রেপ্তারের ভয়ে শ্রমিকেরা পালিয়ে থাকায় গতকাল থেকে মিলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।
চালকলের শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, এই চালকলে প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। শ্রমিকদের অধিকাংশ স্থানীয় কলোনি ও গড়মাটি এলাকার বাসিন্দা। তাঁরা চালকলে যাতায়াতকারী ট্রাক থেকে ধান ও চালের বস্তা খালাস করেন। এসব শ্রমিকের একটা অংশ নিয়ন্ত্রণ করেন কলোনির বিএনপি-সমর্থক নজরুল ইসলাম, অন্য পক্ষকে গড়মাটির আওয়ামী লীগ-সমর্থক আবদুল গাফফার। তাঁরা প্রতিদিন শ্রমিকদের পারিশ্রমিক থেকে প্রতি বস্তা চাল ও ধান খালাস বাবদ যথাক্রমে এক টাকা ও পঞ্চাশ পয়সা করে (কমিশন) কেটে নেন। প্রতিদিন সাত হাজার ৫০০ বস্তা ধান ও চার হাজার ৯৫০ বস্তা চাল কারখানায় ওঠানো-নামানো হয়। এতে মধ্যস্বত্বভোগীরা প্রতিদিন আট হাজার ৭০০ টাকা করে উপার্জন করেন। এ চাঁদা আদায়কে কেন্দ্র করে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কারখানার সামনে নজরুল ও গাফফারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের চাপাতির আঘাতে গাফফারের সমর্থক সাকিব হোসেন (১৯), সাইফুদ্দিন (২৪) ও সুমন আলী গুরুতর আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাকিব মারা যান। তিনি গড়মাটি গ্রামের রমজান আলীর ছেলে।
সাকিবের মৃত্যুর খবরে তাঁর পক্ষের শ্রমিকেরা গড়মাটি এলাকার লোকজনকে নিয়ে বেলা ১১টার দিকে কলোনিতে হামলা চালান। খবর পেয়ে পুলিশ কয়েকটি রাবার বুলেট ও পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। পরে হামলাকারীরা নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ওই দিন রাতেই সাকিবের ভাই সাবেদুল ইসলাম বাদী হয়ে খালেক বিশ্বাস, নজরুলসহ ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ’