চাঁদা আনতে গিয়ে গণপিটুনির শিকার
নীলফামারীর সৈয়দপুরে চাঁদার টাকা আনতে গিয়ে গত সোমবার রাতে গণপিটুনিতে আহত হয়েছেন এক ব্যক্তি। সাংবাদিক পরিচয় দিয়ে তিনি এক কারখানার মালিকের কাছে চাঁদা দাবি করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ওই ব্যক্তির নাম শাহজাহান আলী (৩৬)। তাঁর বাড়ি সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার কলিম মোড়ে। তিনি সৈয়দপুরের ১০০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সৈয়দপুরের ডায়মন্ড চানাচুর ফ্যাক্টরির মালিক মো. শফি রেজা জানান, বেশ কিছুদিন ধরে শাহজাহান নিজেকে চ্যানেল টোয়েন্টি ফোরের নিজস্ব প্রতিবেদক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। সোমবার রাতে মুঠোফোনে পুনরায় চাঁদা দাবি করেন। এ অবস্থায় তিনি শাহজাহানকে তাঁর শহীদ জহুরুল হক সড়কের প্রদর্শনীকেন্দ্রে ডেকে পাঠান। রাত আটটার দিকে শাহজাহান সেখানে হাজির হন। এই সময় তিনি (শফি) পুলিশে খবর দেন। এ ঘটনা টের পেয়ে শাহজাহান পালানোর চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, শহীদ জহুরুল হক সড়কের বিচালীহাট্টি এলাকায় ধরা পড়েন শাহজাহান। এ সময় এলাকাবাসী তাঁকে পিটুনি দেন। পরে তাঁকে স্থানীয় ১০০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চাঁদা চাওয়ার কথা অস্বীকার করে হাসপাতালে চিকিৎসাধীন শাহজাহান বলেন, ‘আমি দুর্ঘটনায় আহত হয়েছি।’
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন দাবি করেন, আহত শাহজাহান এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তিনি কোনো সাংবাদিক নন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কারখানার মালিক বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
গত ২৩ জুলাই শাহজাহান আলীকে সৈয়দপুর জিআরপি থানার পুলিশ গ্রেপ্তার করে। সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়েছে।