চাঁদা কমাতে বলায় দুই শিক্ষার্থীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনভোজনে চাঁদার টাকা কমানোর দাবি করায় রংপুরের বদরগঞ্জ উপজেলার নাটারাম উচ্চবিদ্যালয়ে গতকাল সোমবার দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা উপজেলা সদরে বিক্ষোভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, এবার শিক্ষার্থীদের বার্ষিক বনভোজনের জন্য রংপুরের গঙ্গাচড়ার ভিন্নজগতে স্থান নির্ধারণ করা হয়। এ জন্য শিক্ষার্থীদের চাঁদা নির্ধারণ করা হয় ৫০০ টাকা। এ চাঁদা কমাতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র সরকারের কাছে অনুরোধ জানায়। গতকাল দুপুরে এ নিয়ে শিক্ষকদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়।

এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের নির্দেশে দশম শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান ও হাবিবুর রহমানকে কক্ষে আটকে রাখা হয়। এরপর বিদ্যালয়টির সহকারী শিক্ষক মেনহাজ উদ্দিন, মোস্তাফিজার রহমান, প্রদীপ চন্দ্র রায়, নুরুন্নবী ও সালমা বেগম ওই দুই শিক্ষার্থীকে মারধর করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অন্তত ১০ কিলোমিটার হেঁটে উপজেলা সদরে আসে। সেখানে তারা ওই শিক্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ করে এবং ইউএনওর কার্যালয়ে লিখিত অভিযোগ দেয়।

বিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী বলে, গত বছর স্কুল থেকে জয়পুরহাটে শিক্ষাসফরের জন্য চাঁদার পরিমাণ ছিল ৩০০ টাকা। এবারে আরও কাছে জায়গা নির্ধারণ করা হলেও চাঁদা ধরা হয়েছে ৫০০ টাকা।

এ কারণে তারা প্রধান শিক্ষককে চাঁদা ৪০০ টাকা নির্ধারণ করতে বলেন। এর একপর্যায়ে প্রধান শিক্ষকের নির্দেশে ওই দুই শিক্ষার্থীকে স্কুলকক্ষে আটকে রেখে শিক্ষকেরা মারধর করেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষার্থী বলে, ‘স্যাররা আমাদের যেভাবে পিটিয়েছেন তাতে মনে হচ্ছে আমরা যেন চোর।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র সরকার বলেন, ‘শিক্ষার্থীরাই বরং স্কুলে ভাঙচুর চালিয়েছে। ঘটনাটি অভিভাবকদের ডেকে জানানো হয়েছে।’

ইউএনও কাজী আবেদা গুলশান বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেয়ে তা তদন্ত করতে উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।