চাঁদা চাইতে গিয়ে মার খেলেন থানা আওয়ামীলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিকদের হাতে মার খেয়েছেন আওয়ামী লীগের এক নেতা। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বরে হিউম্যান হলার-লেগুনা স্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। এই নেতার নাম এস এম হানিফ। তিনি মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তবে মার খাওয়ার কথা অস্বীকার করেছেন এস এম হানিফ।
লেগুনার কয়েকজন শ্রমিক ও স্থানীয় এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নেতা হানিফ লেগুনা স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সাংসদের নির্দেশ উপেক্ষা করে তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে তিনি পরাজিত হন। এ ঘটনার পর সাংসদের সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে যায়। এতে এলাকায় প্রভাবও কমে যায়। এ সুযোগে লেগুনার মালিক-শ্রমিকেরাও চাঁদা দেওয়া বন্ধ করে দেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল দুপুরে হানিফ তাঁর লোকজন নিয়ে লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা দাবি করলে শ্রমিকেরা চাঁদা দিতে অস্বীকার করেন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শ্রমিকেরা তাঁকে মারধর করেন।
গতকাল সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের নেতা হানিফ তাঁর বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ছিনতাইকারী ধরতে ওই এলাকায় গিয়েছিলাম। এক ছিনতাইকারীকে ধরে লেগুনা স্ট্যান্ডে রেখে নামাজের জন্য অজু করতে যাই। এ সময় ওই ছিনতাইকারী রিকশায় বসে থাকা আমার ছেলের পাঞ্জাবি ধরে টান দিয়ে পালিয়ে যায়। এখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি।’
যোগাযোগ করা হলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’