চাঁদা চাওয়ায় পিটুনি দিলেন চাষিরা
বরগুনার আমতলীতে এক তরমুজচাষির কাছে চাঁদা চেয়ে না পেয়ে তাঁর লোকজনকে পিটিয়ে আহত করে চাঁদাবাজেরা। এ খবর শুনে অন্য কৃষকেরা এসে চাঁদাবাজদের পিটুনি দেন। গত শনিবার উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে সাতজন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
কয়েকজন কৃষক জানান, উত্তর তক্তাবুনিয়া গ্রামের কৃষক ফকু হাওলাদার গত শুক্রবার তাঁর খেত থেকে ১ লাখ ৫৫ হাজার টাকার তরমুজ বিক্রি করেন। একই এলাকার ব্যবসায়ী হেলাল উদ্দিন এসব তরমুজ কিনে নেন। শনিবার বিকেলে ব্যবসায়ী হেলাল এসব তরমুজ কেটে স্থানীয় বাজারে নেওয়ার জন্য ট্রলিতে বোঝাই করছিলেন। এ সময় ওই এলাকার ইব্রাহিম হোসেন, তেলিশন তালুকদার, কোয়েল তালুকদার, শাহজাদা তালুকদার, নাঈম হাওলাদারসহ ছয়-সাতজন যুবক সেটি আটকে ফকু হাওলাদারের লোকজনের কাছে তরমুজ বিক্রির অর্থ থেকে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকার করায় ইব্রাহিম ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে ফকু হাওলাদারের স্ত্রী আকলিমা বেগম (৫৮) ও ব্যবসায়ী হেলাল উদ্দিনকে (৩০) বেধড়ক পিটিয়ে আহত করেন। খবর পেয়ে গ্রামের অন্য কৃষকেরা এসে ইব্রাহিম ও তাঁর ভাই বাবুলকে (৪০) পিটিয়ে আহত করেন।
জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।