রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত দেড় মাসে পাঁচজন শিক্ষককে মুঠোফোনে ‘লাল বাহিনী’র পরিচয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি আনন্দ কুমার সাহার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে ফোন দেন এক ব্যক্তি। নিজেকে তিনি লাল বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে লাল বাহিনী থেকে ‘অবসরপ্রাপ্ত মেজর জিয়া’ পরিচয় দিয়ে মুঠোফোনে চাঁদা দাবি করা হয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো. আবুল কাশেমের কাছে। ১২ মার্চ একই ধরনের হুমকি পান দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আনিসুজ্জামান। ২১ মার্চ ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান মজুমদার ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র দাসকে হুমকি দেওয়া হয়।
হুমকি পাওয়া শিক্ষকেরা বলেন, ফোনে লাল বাহিনী তাদের সংগঠনের সদস্যদের জেল থেকে ছাড়িয়ে আনতে অথবা অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য চাঁদা চায়। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। অধ্যাপক আবুল কাশেম বলেন, ‘আমাকে ফোন দিয়ে অবসরপ্রাপ্ত মেজর জিয়া পরিচয় দেয় ওই ব্যক্তি। তারপর সদস্যদের জেল থেকে ছাড়িয়ে আনতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দিতে রাজি না হওয়ায় অকথ্য ভাষায় গালাগাল দেয়। তবে ওই ফোনের পর আর কোনো ফোন আমি পাইনি।’
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ওই ফোনের পর থেকে আমাকে দ্বিতীয়বার ফোন করা হয়নি। তবে এখন অপরিচিত নম্বর থেকে ফোন আসলেই ভয় লাগছে। একের পর এক এসব ঘটনা উদ্বেগের।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, চারজন শিক্ষক নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। পুলিশ এ ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বলে জানান তিনি।
মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার ইফতেখায়ের আলম বলেন, শিক্ষকদের দেওয়া ফোন নম্বরগুলো থেকে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি নম্বরগুলো খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, গত দেড় মাসে বেশ কয়েকজন শিক্ষকের কাছে ফোন করে চাঁদা দাবি ও নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি রাজশাহী জেলা প্রশাসক ও পুলিশকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।