চাঁদা চেয়ে ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকে প্রতিপক্ষের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতাকে মারধর করেছেন সংগঠনটির প্রতিপক্ষের কর্মীরা। চাঁদা চেয়ে না পেয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
মারধরের ঘটনা নিয়ে মীর মশাররফ হোসেন ও আ ফ ম কামাল উদ্দিন হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। ঘটনার ছবি তুলতে গিয়ে মারধরের শিকার হন এক সাংবাদিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে শহীদ মিনারের পশ্চিম পাশের রাস্তায় দাঁড়িয়ে মীর মশাররফ হোসেন হলের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক সানোয়ার হোসেন এবং বহিষ্কৃত উপ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবদুর রহিমের সঙ্গে কথা-কাটাকাটি হচ্ছিল উপ-অর্থবিষয়ক সম্পাদক জুয়েল রানার। এ সময় জুয়েলের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা তারেক মো. জুবায়ের, তানভীর হাসান খান, মিনহাজুল আবেদীন, ঠাকুর দেব কুমার আচার্য, সজীব কুমার সাহা ও নাইম হাসান। এঁদের মধ্যে সজীব ও নাইম হলেন শহীদ রফিক-জব্বার এবং অন্যরা কামাল উদ্দিন হলের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েলের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আবদুর রহিমকে মারধর করেন জুয়েল ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা। ঘটনাটি জানাজানি হলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা রাম দা, রড, পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে কামাল উদ্দিন হলের দিকে ছুটে যান। তখন কামাল উদ্দিন হলের নেতা-কর্মীরাও দেশীয় অস্ত্র নিয়ে হলের সামনে অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত গ্রিনওয়াচবিডি ডট কম অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলমগীর হোসেন ছবি তুলতে গেলে তাঁকে মারধর করেন মীর মশাররফ হোসেন হলের নেতা-কর্মীরা।
প্রায় দুই ঘণ্টা পর বিকেল পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। নেতা-কর্মীরা নিজ নিজ হলে ফিরে যান।
জানতে চাইলে আবদুর রহিম বলেন, ‘ক্যাম্পাসে ঝড়ে ভেঙে পড়া প্রায় ৪০টি গাছের টেন্ডার হয়েছে আজ (গতকাল) সকালে। এটি আমরা পাওয়ার পর ওই নেতারা আমাদের কাছে চাঁদা দাবি করে। কিন্তু না দেওয়ায় তারা আমাকে মারধর করেছে।’
জানা যায়, ভূগোল ও পরিবেশ বিভাগে গতকাল দুপুর ১২টার দিকে ঝড়ে ভেঙে পড়া প্রায় ৪০টি গাছ বিক্রির নিলাম অনুষ্ঠিত হয়। ১ লাখ ৪৫ হাজার টাকায় নিলামটি পান আলাল নামের এক ব্যক্তি। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত উপ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবদুর রহিমের আত্মীয়। নিলামটি পাওয়ার পর রহিমের কাছে ছাত্রলীগের উপ-অর্থবিষয়ক সম্পাদক জুয়েল রানা চাঁদা দাবি করেন। জুয়েল রানা বলেন, এটি ভুল-বোঝাবুঝি। আলোচনার মাধ্যমে সমঝোতা হয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, এখন পরিস্থিতি শান্ত। ছাত্রলীগের নেতা-কর্মীরা সমঝোতা করার জন্য এটা নিয়ে আলোচনা করছেন।