চাঁদা চেয়ে শিক্ষকের বাড়িতে উড়ো চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় এক কলেজশিক্ষকের কাছে চাঁদার দাবি জানিয়ে তাঁর বাড়িতে উড়ো চিঠি ও লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ আজ শনিবার ভোরে বাড়ির ভেতর থেকে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করেছে।

মিজানুর রহমান (৩৮) নামের ওই শিক্ষক উপজেলার উনাহত সিংড়া গ্রামের মৃত ইদ্রিস করিমের ছেলে ও দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজের প্রভাষক। মা ও বোনকে নিয়ে তিনি ওই গ্রামে থাকেন।

দুপচাঁচিয়া থানায় করা অভিযোগ থেকে জানা যায়, গত ১ আগস্ট বিকেলে শিক্ষক মিজানুর রহমানের মুঠোফোনে অজ্ঞাত এক ব্যক্তি ২৫ লাখ টাকা দাবি করে। ৫ আগস্টের মধ্যে টাকা পরিশোধ করতে হবে বলে ফোনে ওই ব্যক্তি তাঁকে জানান। পরে একই নম্বর থেকে আরও কয়েকবার তাঁর মুঠোফোনে কল করলেও তিনি ফোন ধরেননি। শনিবার ভোরে তিনি বাড়ির বাইরে পলিথিনে মোড়ানো একটি সাদা খাম দেখতে পান। খাম খুলে দেখেন কম্পিউটারে কম্পোজ করা একটি চিঠি। তাতে লেখা ‘আপনার কাছ থেকে টাকা চেয়ে টাকা পাইনি। মোবাইলে কয়েকবার রিং দিলেও ধরেননি। তাই শেষবারের মতো চিঠি দিলাম। শনিবার থেকে রোববারের মধ্যে টাকা দিতে হবে। টাকা না দিলে আপনার ও পরিবারের রেহাই নেই। বিষয়টি আপনার ও আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কাউকে জানানোর চেষ্টা করবেন না।’

ওই চিঠিতেই বাড়ির ভেতরে সীমানা প্রাচীর ঘেঁষে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা রাখা আছে বলে জানানো হয়। তাৎক্ষণিক তিনি প্রাচীরের কাছে লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে দুপচাঁচিয়া থানা-পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করেছে, চিঠিও জব্দ করা হয়েছে। শিক্ষক মিজানুরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।