চাঁদা তুলতে না যাওয়ায় মাথা ন্যাড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসার জন্য চাঁদা তুলতে যেতে রাজি না হওয়ায় এক ছাত্রকে পিটিয়ে তার মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার সিরাতুল মোস্তাকিম হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মারধরে আহত ছাত্রকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে এখন কানে শুনতে পায় না।
ভুক্তভোগী ছাত্র ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরসভার ভট্টপুর গ্রামের ওই মাদ্রাসাটির হেফজ বিভাগের ছাত্র লিয়ন মিয়াকে (১৩) মাদ্রাসার খরচের চাঁদা তুলতে গ্রামে গ্রামে যেতে নির্দেশ দেন শিক্ষক আরিফ হোসেন ও নূর উদ্দিন মিয়া। এতে রাজি না হলে লিয়নকে মাদ্রাসার অফিসকক্ষে নিয়ে যান ওই দুই শিক্ষক। পরে সেখানে আটকে রেখে তাকে বেদম বেত্রাঘাত ও মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
তবে আরিফ হোসেন ও নূর উদ্দিন বলেন, ‘পাঠদান আদায় করার জন্য আমরা তাকে (লিয়ন) শাসন করেছি। চুল বড় রাখার কারণে তাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোকমান হোসেন বলেন, ছাত্রটি গুরুতর আহত হয়েছে। সে কানে খুবই কম শুনছে।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি শাহজালাল মিয়া বলেন, ‘শিক্ষকেরা দোষী হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় ছাত্রটির মামা গাজী কামাল হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতি চলছে বলে জানান সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের।