চাঁদা তুলে যুবলীগের নৌভ্রমণ
নাটোরের গুরুদাসপুর উপজেলা যুবলীগের প্রায় ৩০০ নেতা-কর্মী আজ বুধবার চলনবিলে নৌকা ভ্রমণ করতে বের হচ্ছেন। ভ্রমণে ভূরিভোজ ও বিনোদনের সব আয়োজন পাকাপোক্ত হয়েছে। এতে খরচ হবে লাখ লাখ টাকা। কিন্তু নেতা-কর্মীদের তাতে চিন্তা নেই। যত দুশ্চিন্তা এলাকার বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সমিতি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের। কারণ, পুরো খরচ তাঁদের বহন করতে হচ্ছে।
উপজেলা যুবলীগের নেতা-কর্মী ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানপ্রধান সূত্রে জানা যায়, যুবলীগের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদক এবং পৌর ও উপজেলা কার্যকরী কমিটির নেতা-কর্মীরা আজ সকালে চাঁচকৈড় বাজারঘাট থেকে নৌকা ভ্রমণে বের হচ্ছেন। প্রায় ৩০০ নেতা-কর্মীর এতে যোগ দেওয়ার কথা রয়েছে। তাঁরা চলনবিল ঘুরে সিংড়া উপজেলার তিশিখালী ঘাসিদেওয়ানের মাজারে গিয়ে উঠবেন। সেখানে ভূরিভোজের, গানবাজনাসহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। এই আয়োজনে সম্ভাব্য খরচ ধরা হয়েছে দেড় থেকে দুই লাখ টাকা।
পৌর যুবলীগের সভাপতি আবু তাহের ওরফে সোনারের মতে, থানা ও পৌর কমিটির কয়েকজন নেতা ছাড়া বাকি কাউকেই অনুষ্ঠানের জন্য টাকা দিতে হবে না। টাকা খরচ করবেন শীর্ষস্থানীয় নেতারা। তাঁরা কোথা থেকে খরচ করবেন—জানতে চাইলে আবু তাহের বলেন, ব্যক্তিগত তহবিল থেকে।
তবে তাঁদের বিরুদ্ধে এসব খরচের টাকা উপজেলার সরকারি-বেসরকারি সংস্থা, সমিতি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে চাঁদার আকারে সংগ্রহের অভিযোগ উঠেছে।
উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি গোলাম মোর্শেদ বলেন, ‘নেতারা পিকনিকের জন্য অনেক বেশি চেয়েছিলেন। তবে আমরা সমিতির পক্ষ থেকে ৩০ হাজার টাকা দিয়েছি।’ বেসরকারি সংস্থা টিএমএসএসর স্থানীয় প্রতিনিধি জাকির হোসেন বলেন, ‘পৌর যুবলীগের সভাপতিসহ কয়েকজন পিকনিকের চাঁদার জন্য এসেছিলেন। আমরা তাঁদের এক হাজার টাকা দিয়ে বিদায় করেছি।’ শক্তি ফাউন্ডেশনের প্রতিনিধি মনির হোসেন বলেন, ‘আমার কাছেও নেতারা এসেছিলেন। আমি বলেছি, প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁদা দেওয়ার কোনো সুযোগ নেই।’
সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বলেন, ‘আমার কাছে একটা খাসির আবদার করা হয়েছিল। কিন্তু বদলি হয়ে চলে যাচ্ছি বিধায় মাফ চেয়ে নিয়েছি।’ স্থানীয় কয়েকটি বেসরকারি চিকিৎসাকেন্দ্র, শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিলেও তাঁরা এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাতে অপারগতা জানিয়েছেন।
‘আমি এসবের (নৌকা ভ্রমণ) মধ্যে নাই। উপজেলা ও পৌর কমিটির অন্য নেতারা চাঁদাবাজি করে অনুষ্ঠান করছেন বলে শুনেছি। মানুষের কাছ থেকে টাকা নিয়ে এভাবে আনন্দ-ফুর্তি করার কোনো মানে হয় না।’ বলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ সরকার। সংগঠনের উপজেলা সভাপতি আলাল শেখ চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘যুবলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অনুষ্ঠানের খরচ বাবদ জেলা যুবলীগের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়েছি। বাকিটা আমরা কয়েকজন দেব।’