
রাজশাহীতে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের জন্য গঠন করা হয়েছে ‘ব্যাটারিচালিত রিকশা মালিক শ্রমিক লীগ’। তারাই এত দিন নগরের ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ করেছে। নিয়মিত চাঁদা আদায় করেছে। গতকাল বুধবার রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে রিকশা থেকে ব্যাটারি খুলে নেওয়ার জন্য অভিযান চালানো হয়।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে রিকশা থেকে ব্যাটারি খোলার অভিযান শুরু করা হলে চালকেরা বিক্ষোভ করেন। এতে সারা শহরে যানজট ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টার জন্য শহরের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে। যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। পরে রিকশাচালকদের অনুরোধে তাঁদের ১০ দিন সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ের পরে নিজ দায়িত্বে তাঁদের ব্যাটারি খুলে ফেলতে হবে।
রাজশাহী সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা আবু সালেহ বলেন, ব্যাটারিচালিত রিকশা যানবাহন হিসেবে ঝুঁকিপূর্ণ। সিটি করপোরেশনের পক্ষ থেকে এমন যান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ব্যাটারি খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, তাঁরা ১০টি ব্যাটারি খুলে নিয়েছিলেন। পরে রিকশাচালকেরা সিটি করপোরেশনের মেয়রের কাছে আবেদন করলে তিনি তাঁদের ১০ দিন সময় বেঁধে দেন। ১০ দিনের মধ্যে তাঁরা নিজ থেকে রিকশার ব্যাটারি খুলে নেবেন। এই শর্তে অভিযান বন্ধ করা হয়েছে। ব্যাটারিও ফেরত দেওয়া হয়েছে।

প্রায় ১০ মাস আগে রাজশাহী নগরের কুমারপাড়া এলাকায় ব্যাটারিচালিত রিকশা মালিক শ্রমিক লীগের কার্যালয় গড়ে তোলা হয়। কার্যালয়ের সামনে রিকশা ধরে এর পেছনে তাদের সিল লাগিয়ে ১৬৫ টাকা করে আদায় করা হয়। কথিত এই শ্রমিক লীগের তিন কোনাবিশিষ্ট সিলে লেখা রয়েছে, ‘সাবধানে গাড়ি চালান, নিজে এবং অন্যকে নিরাপদ রাখুন।’ তার নিচে লেখা, ‘গতি নিয়ন্ত্রিত।’ এর নিচে ‘প্রতিষ্ঠাকাল ২০১৫ খ্রি.’ লেখা রয়েছে। মাঝখানে রয়েছে দুজন শ্রমিকের মিলিত হাতের ছবি। এর নিচে রয়েছে অনুমোদিত স্বাক্ষর। তারও নিচে স্বাক্ষরকারীর নাম মো. সদরুল আমিন, রুয়েট। পাশে রয়েছে সিটি করপোরেশন থেকে দেওয়া রিকশাটির লাইসেন্স নম্বর। নিচে বড় করে সংগঠনের নাম লেখা আছে। যাঁদের রিকশায় সিল লাগানো হয়, তাঁরা এই সংগঠনের নিয়ম অনুযায়ী সদস্য হয়ে যান। প্রতি মাসে তাঁরা বাধ্য থাকেন সংগঠনে মাসিক ১০ টাকা চাঁদা দিতে।
গত অক্টোবর মাসে এ নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সে সময় এই সংগঠনের সভাপতি চঞ্চল সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, তাঁরা রিকশাগুলোর মোটরের গতি কমিয়ে দিচ্ছেন। ফলে এগুলো আর ঝুঁকিপূর্ণ থাকছে না। গতি কমানোর জন্য খরচ হিসেবে তাঁরা ১৬৫ টাকা নিচ্ছেন। আর ১০ টাকা করে মাসিক চাঁদা নিচ্ছেন, তাঁদের সাংগঠনিক কার্যক্রম চালানোর জন্য।
গতকাল বুধবার চঞ্চল সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সিটি করপোরেশনের অভিযানের সঙ্গে সঙ্গে তাঁরা এর প্রতিবাদে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়েছেন। নগর ভবন ঘেরাও করেছেন। তিনি বলেন, সিটি করপোরেশন ব্যাটারিচালিত ৫ হাজার ৪০০ রিকশার লাইসেন্স দিয়েছে। এখন মেয়র বলছেন এটা আগের মেয়র করেছেন। তিনি বলেন, সিটি করপোরেশন নিজের থেকে লাইসেন্স দিয়ে আবার বন্ধ করতে পারবে না। তাঁরা আইনের আশ্রয় নেবেন।
জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, প্রথম কথা হচ্ছে, যারা লাইসেন্স দিতে পারে, তারা বাতিলও করতে পারে। এই যানবাহন ঝুঁকিপূর্ণ। এ জন্য সিটি করপোরেশনের ২০১৫ সালের ২৬ নভেম্বরের সাধারণ সভায় ব্যাটারিচালিত যানবাহন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।