চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ক্ষমতার অপব্যবহার করে এক লাখ টাকা চাঁদা দাবি ও গুলি করে হত্যার হুমকির অভিযোগে তিন পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ওবায়দুস সোবহানের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী মাহবুব মোর্শেদ। আদালত এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই পাঁচজন হলেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার মাহমুদা বেগম, চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) খালেদ উদ্দিন ও হাফিজুল ইসলাম এবং তাঁদের সহযোগী জালাল উদ্দিন সাগর ও ইব্রাহিম মাসুদ।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, তিন পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে করা ব্যবসায়ীর মামলাটি অনুসন্ধান করে প্রতিবেদন দিতে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার আসামি চান্দগাঁও থানার এসআই খালেদ উদ্দিন আজ দুপুরে জানান, ব্যবসায়ী মাহবুব মোর্শেদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন তাঁর স্ত্রী। আদালত এই দম্পতির সন্তানদের মায়ের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। পুলিশ আদালতের নির্দেশে সন্তানদের আনতে ব্যবসায়ীর বাড়িতে যায়। তিনি দাবি করেন, ‘আমরা কোনো টাকা দাবি কিংবা তাঁকে ভয়ভীতি দেখাইনি।’

বাদী মাহবুব মোর্শেদ অভিযোগে উল্লেখ করেন, ৩ আগস্ট বিকেলে চান্দগাঁও থানার এসআই খালেদ উদ্দিন ও হাফিজুল ইসলাম ফোর্স নিয়ে তাঁর নাসিরাবাদের বাড়িতে যান। এ সময় তাঁরা কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করেন। তল্লাশি পরোয়ানা আছে বলে তাঁরা বাসায় ঢুকতে চান। বাদী দরজার সামনে গেলে মাথায় পিস্তল তাক করে ধরেন এই দুই পুলিশ সদস্য। এ সময় বাদীর সন্তানেরা চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। পরে এসআই খালেদ উদ্দিন বাদীকে বাসার একপাশে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা দিলে ছেড়ে দেওয়া হবে বলে জানান। বাদীকে পুলিশ আরও বলে, তাঁদের এক লাখ টাকা দেওয়া হলে তাঁর সন্তানদের নিয়ে যাওয়া হবে না।

বাদী আরও অভিযোগ করেন, বাদী ওসির সঙ্গে কথা বললে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে লাশ ফেলে দেওয়ার হুমকি দেন এসআই হাফিজুল ইসলাম। পরে তাঁকে চান্দগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। থানায় এসআই খালেদ উদ্দিন বলেন, ‘দাবিমতো এক লাখ টাকা দেন। নইলে এসি মাহমুদা ম্যাডাম এবং উনার স্বামীকে ম্যানেজ করেন। নইলে অস্ত্র, মাদক মামলা দিয়ে জড়াই দিবে।’

অভিযোগের ব্যাপারে নগর পুলিশের সহকারী কমিশনার মাহমুদা বেগম প্রথম আলোকে বলেন, ‘মাহবুব মোর্শেদ নামের কাউকে আমি চিনি না। আমার স্বামীও বাদীকে চিনেন না। আমার নাম দিয়ে কাউকে ঘায়েল করার প্রশ্নই ওঠে না।’