চাঁদা দাবি করায় পুলিশ সদস্যকে পিটুনি
নেত্রকোনায় কলমাকান্দা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরুলের বিরুদ্ধে এক ব্যবসায়ীর ছেলের কাছে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার উপজেলার ডাইয়ারকান্দা বাজারে এলাকাবাসী তাঁকে পিটুনি দেয় এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এএসআই গতকাল বেলা দেড়টার দিকে রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারে একটি চায়ের দোকানে যান। সেখানে স্থানীয় পাথর ব্যবসায়ী নূরুল ইসলামের ছেলে আল আমীনসহ কয়েকজন বসে ছিলেন। এএসআই আল আমীনকে ডেকে নিয়ে তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা আনার কথা বলে আল আমীন সেখান থেকে বেরিয়ে যান এবং এলাকাবাসীকে জানান। কিছুক্ষণ পর উত্তেজিত জনতা এএসআইয়ের ওপর চড়াও হন। তাঁকে পিটুনি দেন এবং তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলটিও ভাঙচুর করেন। পরে এএসআই পালিয়ে যান।
আল আমীন বলেন, ‘আমি বাজারে চায়ের দোকানে ছিলাম। এ সময় এএসআই ইমরুল আমাকে ডেকে নিয়ে বলেন, “তোর নামে জুয়া খেলার অভিযোগ রয়েছে। আমাকে নগদ ২০ হাজার টাকা দে। না হলে তোকে জুয়া আইনে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে যাব।” বিষয়টি স্থানীয়দের জানালে তাঁরা ওই পুলিশ কর্মকর্তার মুখোমুখি হন। তখন তিনি লোকজনদের হুমকি দেন।’
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘সরকারি কাজে এএসআই ইমরুলের নেত্রকোনা আদালতে জরুরি কাগজপত্র নিয়ে যাওয়ার কথা ছিল। তিনি আদেশ অমান্য করে রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা বাজারে গিয়েছিলেন। সেখানে তিনি একটি হাতকড়া হারিয়ে ফেলেছেন। ইমরুল বর্তমানে থানায় আছেন। তাঁর নামে সাধারণ ডায়েরি করেছি।’ পুলিশ সুপার জয়দেব চৌধুরী গতকাল সন্ধ্যা ছয়টায় বলেন, ‘বিষয়টি শুনেছি। ইমরুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রাতে তাঁকে আমার কার্যালয়ে ডেকেছি।’