চাঁদা দাবিতে সন্ধ্যায় যুবককে মারধর, পরদিন দুপুরে মৃত্যু
নোয়াখালীতে চাঁদার জন্য এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম মো. শামীম (২৪)। গত মঙ্গলবার সন্ধ্যায় চাঁদার জন্য সন্ত্রাসীরা তাঁকে মারধর করে। গতকাল বুধবার বিকেলে অসুস্থ অবস্থায় শামীমকে স্বজনেরা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শামীমের বাড়ি নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ধুমচর গ্রামে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
শামীমের বড় ভাই মহিন উদ্দিন অভিযোগ করেন, গত মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী শহরের সোনাপুর থেকে বাড়ি ফেরার পথে গ্রামের একটি দোকানের সামনে সোহেল, মাসুদ, সাদ্দাম ও বাচ্চুসহ ছয়-সাতজন সন্ত্রাসী তাঁর পথরোধ করে। তারা শামীমের সঙ্গে এক মেয়ের সম্পর্ক আছে দাবি করে তাঁকে মারধর করতে থাকে। পরে অন্য লোকের মাধ্যমে তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করে সন্ত্রাসীরা।
মহিন উদ্দিন বলেন, রাতেই পাঁচ হাজার টাকা দিলে শামীমকে ছেড়ে দেওয়া হয়। গতকাল দুপুরে শামীম অসুস্থ হয়ে পড়লে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, একটি মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে শামীমকে কয়েকজন মারধর করেছে বলে পুলিশ জানতে পেরেছে।