চাঁদা দাবির অভিযোগে সিআইডির এএসআই প্রত্যাহার
রাজবাড়ীতে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী উপপরিদর্শক (এএসআই) আকরামুজ্জামানকে আজ রোববার প্রত্যাহার করা হয়েছে।
চাঁদা দাবির অভিযোগে এএসআই আকরামুজ্জামান ও কথিত সোর্স নজরুল ইসলামকে গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের পুরাতন বেলগাছি বাজারের ব্যবসায়ীরা আটক করেন। ওই দিন রাতে পুলিশ তাঁদের উদ্ধার করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে নিয়ে যায়। এরপর আজ রোববার এএসআই আকরামুজ্জামানকে প্রত্যাহার ও কথিত সোর্স নজরুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।
বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, শনিবার বিকেল পাঁচটার দিকে আকরামুজ্জামান ও নজরুল পুরাতন বেলগাছি বাজারে যান। স্থানীয় মুদি দোকানি বিকাশ সাহার দোকানে ঢুকে নিষিদ্ধ পলিথিন ও যৌন উত্তেজক জাতীয় পানীয় বিক্রির অভিযোগ এনে তাঁরা তল্লাশি চালাতে চান। একপর্যায়ে সোর্সের মাধ্যমে ওই দোকানির কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ নিয়ে দর-কষাকষি চলাকালে বিষয়টি আশপাশে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা ওই দুজনকে আটক করে লাঞ্ছিত করেন। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া ঘটনাস্থলে পৌঁছে সবাইকে শান্ত করেন ও ওই দুজনকে এসপির কার্যালয়ে নিয়ে যান।
সিআইডির রাজবাড়ীর পরিদর্শক শেখ মো. আক্তারুজ্জামান বলেন, ‘শনিবার রাতে জনতার হাতে অবরুদ্ধ এএসআই আকরামুজ্জামানকে রাজবাড়ী সদর থানার পুলিশ উদ্ধার করে আমাদের কার্যালয়ে দিয়ে যায়। রোববার সকালে সিআইডির বরিশালের বিশেষ পুলিশ সুপারের কার্যালয়ে ঘটনার বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়। এ পরিপ্রেক্ষিতে দুপুরে ফ্যাক্স বার্তায় আকরামুজ্জামানকে প্রত্যাহারের নির্দেশ আসে। বিকেলেই বিশেষ প্রহরায় তাঁকে সিআইডির হেডকোয়ার্টারে পাঠানো হয়।’
আক্তারুজ্জামান আরও বলেন, ‘আকরাম আমাকে না জানিয়ে ওই বাজারে যায়। সেখানে তাঁর বিরুদ্ধে আনীত প্রাথমিক অভিযোগ সত্য নয় বলে মনে হয়েছে। তবে সঙ্গে থাকা কথিত সোর্স নজরুল ইসলাম তাঁকে ব্যবহার করে ওই বাজার থেকে বিশেষ কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছিল বলে মনে হয়েছে।’
আকরামুজ্জামান আজ রোববার দুপুরে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘ওই বাজারের একটি দোকানে নিষিদ্ধ পলিথিন ও যৌন উত্তেজক পানি বিক্রি করছে এমন সংবাদ দিয়ে সোর্স নজরুল ইসলাম আমাকে সেখানে যেতে বলেন। প্রাথমিকভাবে যেতে না চাইলেও পরে যাওয়ার পর স্থানীয় লোকজন সন্দেহ করে আমাদের অবরুদ্ধ করে। কোনো ব্যবসায়ীর কাছে টাকা চাওয়ার অভিযোগ সত্য নয়।’
সিআইডির বরিশালের বিশেষ পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টি জানার পর এএসআই আকরামুজ্জামানকে প্রত্যাহার করে ঢাকা সদর দপ্তরে যোগদান করতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।