চাঁদা দিতে অস্বীকার করায় প্রধান শিক্ষককে কুপিয়ে জখম
শেরপুরে চাঁদা দিতে অস্বীকার করায় মো. আলী আকবর নামে এক প্রধান শিক্ষককে কুপিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
আলী আকবর (৫০) শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ধোপাঘাট গ্রামের মৃত বাহেজ আলীর ছেলে। তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি, আহত শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন মেরামতের জন্য এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ টাকা দিয়ে প্রধান শিক্ষক ভবনের বিভিন্ন অংশের মেরামতকাজ করাচ্ছিলেন। কিন্তু বিদ্যালয়সংলগ্ন ধোপাঘাট গ্রামের বাসিন্দা আবদুল কাদের ও তাঁর ছেলেরা প্রায়ই ওই কাজের জন্য প্রধান শিক্ষকের কাছে চাঁদা চাইতেন। এর পেছনে ইন্ধন জোগাতেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী।
কিন্তু প্রধান শিক্ষক চাঁদা দিতে অস্বীকার করায় গতকাল বেলা ১১টার দিকে আবদুল কাদের, তাঁর ছেলে আবুল কাশেম, আবুল কাশেমের ছেলে নয়ন মিয়াসহ ১০-১৫ জন লোক প্রধান শিক্ষকের কার্যালয়ে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁর (আলী আকবর) ওপর হামলা চালান। তাঁরা আলী আকবরকে মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় বিদ্যালয়ের আসবাবও ভাঙচুর করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লায়লা বদরুন্নাহার ও অন্য শিক্ষকেরা দ্রুত এগিয়ে এসে প্রধান শিক্ষককে রক্ষা করেন। পরে শিক্ষকেরা তাঁকে এলাকাবাসীর সহায়তায় দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করান। ঘটনার সময় সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী আবদুল কাদেরের ছেলে ইয়ানুছকে আটক করে পুলিশে সোপর্দ করে।
হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক আলী আকবর অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকার করায় সহকারী শিক্ষক মোহাম্মদ আলীর হুকুমে কাদের ও তাঁর ছেলেরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনার জন্য মোহাম্মদ আলীকে হুকুমের আসামি করে সদর থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।