চাঁদা দিতে আপত্তি করায় হকারদের মারধর
মিরপুর-১ নম্বর এলাকার কয়েকটি বিপণিবিতানের সামনের ফুটপাতের হকাররা চাঁদা দিতে আপত্তি করায় চাঁদা আদায়কারী লোকজন তাঁদের মারধর করেছেন। হকারদের অভিযোগ, পুলিশ ও ওয়ার্ড কাউন্সিলর সীমিত পরিসরে হকারদের বসার অনুমতি দিলেও চাঁদা আদায়কারী ব্যক্তিরা বসতে দিচ্ছেন না।
হকাররা জানান, মিরপুর-১ নম্বর গোলচত্বর-সংলগ্ন বাগদাদ শপিং কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা শপিং সেন্টার, মা শপিং কমপ্লেক্স ও গ্রামীণফোন সেন্টারের সামনের ফুটপাতে শতাধিক হকার বসেন। এই হকারদের প্রত্যেকের কাছ থেকে দৈনিক ১০০ টাকা করে চাঁদা আদায় করা হয়।
হকাররা বলেন, বাগদাদ শপিং কমপ্লেক্সের সামনের হকারদের কাছ থেকে রফিকুল ইসলাম মাইজভান্ডারি, মুক্তিযোদ্ধা মার্কেট থেকে মো. শাহীন, মা প্লাজার সামনে থেকে এনামুল ও গ্রামীণ সেন্টারের সামনের হকারদের কাছ থেকে আফতাব নামের ব্যক্তিরা চাঁদা তোলেন। তাঁরা প্রত্যেকেই নিজেকে ক্ষমতাসীন দলের নেতা বলে পরিচয় দেন। গত বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, মিরপুর-১ নম্বরের অন্যান্য মার্কেটের সামনে হকার থাকলেও এই মার্কেটগুলোর সামনে কোনো হকার নেই। চাঁদা আদায়কারী লোকজনকে খোঁজ করা হলেও কাউকে পাওয়া যায়নি।