মিরপুর-১ নম্বর এলাকার কয়েকটি বিপণিবিতানের সামনের ফুটপাতের হকাররা চাঁদা দিতে আপত্তি করায় চাঁদা আদায়কারী লোকজন তাঁদের মারধর করেছেন। হকারদের অভিযোগ, পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সীমিত পরিসরে হকারদের বসার অনুমতি দিলেও চাঁদা আদায়কারী ব্যক্তিরা বসতে দিচ্ছেন না।
হকারদের সঙ্গে কথা বলে জানা যায়, মিরপুর-১ নম্বর গোলচত্বর-সংলগ্ন বাগদাদ শপিং কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা শপিং সেন্টার, মা শপিং কমপ্লেক্স ও গ্রামীণফোন সেন্টারের সামনের ফুটপাতে শতাধিক হকার বসেন। এই হকারদের প্রত্যেকের কাছ থেকে দৈনিক ১০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। হকাররা বলেন, বাগদাদ শপিং কমপ্লেক্সের সামনের হকারদের কাছ থেকে রফিকুল ইসলাম মাইজভান্ডারি, মুক্তিযোদ্ধা মার্কেট থেকে মো. শাহীন, মা প্লাজার সামনে থেকে এনামুল ও গ্রামীণ সেন্টারের সামনের হকারদের কাছ থেকে আফতাব নামের ব্যক্তিরা চাঁদা তোলেন। তাঁরা প্রত্যেকেই নিজেকে ক্ষমতাসীন দলের নেতা বলে পরিচয় দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাগদাদ শপিং কমপ্লেক্সের সামনের তিনজন হকার বলেন, রোজার শুরু থেকে ১০০ টাকার বদলে দৈনিক ২০০ টাকা করে চাঁদা দিতে বলা হয়। এটা নিয়ে হকাররা আপত্তি করেন। গত সোমবার এ নিয়ে চাঁদা আদায়কারী লোকজন হকারদের মারধর করেন। এরপর আর হকারদের সেখানে বসতে দেওয়া হচ্ছে না।
গত বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, মিরপুর-১ নম্বরের অন্যান্য মার্কেটের সামনে হকার থাকলেও এই মার্কেটগুলোর সামনে কোনো হকার নেই। চাঁদা আদায়কারী লোকজনকে খোঁজ করা হলেও কাউকে পাওয়া যায়নি।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘পথচারীদের যেন সমস্যা না হয়, এমনভাবে হকারদের নির্দিষ্ট জায়গায় বসতে বলা হয়েছে। কাউকে চাঁদা না দিতে হকারদের বলা হয়েছে। কেউ চাঁদা তুলতে এলে ধরে পুলিশের কাছে দেবে।’
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাজী টিপু সুলতান বলেন, ‘হকারদের নিয়ে কিছু বলতে গেলে ভাবে, আমি টাকা পাই। আবার মার্কেটর সামনে হকারদের বসতে দিলে মার্কেটের দোকান দেখা যায় না। তাই হকারদের একটা নির্দিষ্ট লাইনে, অল্প জায়গায় বসতে বলা হয়েছে। হকারদের কাছে কেউ চাঁদা চাইলে ধরে পুলিশে দেবে। আমার নাম বলেও যদি চাঁদা চায়, তারেও ধরে থানায় দিক।’