চাঁদা দিতে নিষেধ করায় সিলেট নগরের সুবিদবাজার এলাকায় রাজিকুল ইসলামকে (২২) ছুরিকাঘাত করে হত্যা করা হয়। গত শুক্রবার রাতে গ্রেপ্তার হওয়া এক তরুণ এ কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া তরুণের নাম এমাদুল হক ওরফে মান্না (২৫)। তাঁর বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার কানিশাইল গ্রামে। হত্যার ঘটনায় গতকাল শনিবার রাজিকুলের বড় ভাই তাজুল ইসলাম বাদী হয়ে এমাদুল হকসহ পাঁচজনকেআসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেছেন।
থানা-পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে সুবিদবাজার এলাকার সিলভার স্টার মার্কেটের সামনে একটি ওষুধের দোকানের সামনে মোটরসাইকেল থেকে নেমে তিন তরুণ রাজিকুলকে ছুরিকাঘাত করে পালায়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় রাজিকুল মারা যান। রাতেই সুবিদবাজার এলাকায় অভিযান চালিয়ে এমাদুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, রাজিকুলকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন এমাদুল হক। তাঁর সঙ্গী আরও চারজনকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না।