চাঁদা দিতে রাজি না হওয়ায় তরুণকে পিটিয়ে জখম
বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় এক তরুণকে পিটিয়ে জখম করেছেন বখাটেরা। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে গত সোমবার রাতে।
হামলায় আহত তরুণের নাম সুজন ফকির (১৮)। তাঁর বাবার নাম মানিক ফকির। তাঁদের বাড়ি উপজেলার উপাদী গ্রামে। এই ঘটনায় গত মঙ্গলবার মানিক ফকির থানায় মামলা করেছেন।
আহত তরুণের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত আটটায় ওই গ্রামের বাসিন্দা কুদ্দুছ মিয়ার মেয়ের বিয়ে হয়। এ সময় একই গ্রামের আমান উল্লাহ, আল-আমিন, আলাউদ্দিন ফরাজীসহ আরও কয়েকজন বখাটে কুদ্দুছ মিয়ার কাছে চাঁদা হিসেবে ৩০ হাজার টাকা দাবি করেন। সেখানে উপস্থিত সুজন এর প্রতিবাদ করেন। বখাটেরা চাঁদা না পেয়ে সুজনের ওপর ক্ষিপ্ত হন।
ওই সূত্র জানায়, সোমবার রাত নয়টায় সুজন তাঁর বাড়ির কাছাকাছি একটি চায়ের দোকানে গেলে ওই বখাটেরা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেধড়ক পেটান।