চাঁদা না দিলে চাকা ঘোরে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ টাকা চাঁদা দিয়ে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিতে হয়। নইলে চাকা ঘোরে না—এ বক্তব্য বাসের হেলপার (চালকের সহকারী) আবুল হোসেনের। তাঁর দাবি, চট্টগ্রামের অলংকার মোড় থেকে রাতে দূরপাল্লার কোনো লোকাল বাস চাঁদা না দিয়ে টার্মিনাল ছাড়তে পারে না। তবে তিনি জানান, বিভিন্ন গন্তব্যে বিরতিহীনভাবে চলা বাস থেকে চাঁদা তোলা হয় না।
কারা এ চাঁদা নিচ্ছে জানতে চাইলে চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী বাসের ওই হেলপার বলেন, ‘সব সময় সরকারি দলের লোকজন চাঁদা তোলে। বিএনপির আমলে বিএনপি, এখন আওয়ামী লীগের লোকজন চাঁদা নিচ্ছে।’
অলংকার, অক্সিজেন মোড়, শাহ আমানত সেতু এলাকা—চট্টগ্রাম নগরে প্রবেশের তিনটি পথেই অবৈধ বাস টার্মিনাল গড়ে উঠেছে। এসব টার্মিনাল থেকে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা নিয়মিত চাঁদা তুলছেন এমন অভিযোগ রয়েছে।
এর মধ্যে অক্সিজেন মোড়ে বাস থেকে চাঁদা তোলা হয় না বলে পরিবহনশ্রমিকেরা বলছেন। তবে টার্মিনালের পাশেই অবৈধ টেম্পোস্ট্যান্ড রয়েছে। সেখানে অটোরিকশা ও টেম্পো থেকে চাঁদা তোলা হচ্ছে। একই চিত্র শাহ আমানত সেতু এলাকায়। প্রতি মাসে তিনটি মোড়ে পরিবহন খাতে মাসে গড়ে ১৫-১৬ লাখ টাকা চাঁদা তোলা হচ্ছে। পরিবহনমালিক ও শ্রমিকদের অভিযোগ, চাঁদার টাকা যাচ্ছে সরকারদলীয় নেতাদের কাছে।
চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিলউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চাঁদাবাজেরা প্রতিদিন শত শত গাড়ি থেকে হাজার হাজার টাকা চাঁদা নিচ্ছে। অলংকার, অক্সিজেন ও শাহ আমানত সেতু এলাকায় তিনটি বাস টার্মিনাল নির্মাণ করা হলে নগরের প্রবেশপথে যানজট কমবে। চাঁদাবাজদেরও উৎপাত থাকবে না।’
চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছে পুলিশ প্রশাসনও। চট্টগ্রামের উপপুলিশ কমিশনার (যানবাহন) মো. ফারুক আহমেদ বলেন, ‘অক্সিজেন, অলংকার এবং শাহ আমানত সেতু এলাকায় গণপরিবহনগুলো গণচাঁদাবাজির শিকার হচ্ছে বলে বিভিন্ন সময় পরিবহন মালিক-শ্রমিকেরা অভিযোগ করেছেন। চাঁদাবাজেরা ৫০ থেকে ১০০ বাস থেকে এবং ছোট গাড়ি থেকে ১০ থেকে ২০ টাকা করে নেয়।’
তাহলে কেন ব্যবস্থা নেওয়া হয় না এমন প্রশ্নে উপপুলিশ কমিশনার বলেন, ‘পরিবহনশ্রমিকেরা সুনির্দিষ্ট অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নিতে আমাদের সুবিধা হবে।’
অলংকার মোড়: ঢাকা, উত্তর ও দক্ষিণের বিভিন্ন জেলা ছাড়াও বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর বাসগুলো অলংকার থেকে ছেড়ে যায়। পরিবহনমালিকেরা জানান, প্রতি রাতে গড়ে ৬০-৬৫টি বাস (বিরতিহীন নয়) ঢাকাসহ বিভিন্ন জেলার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়। তাঁদের অভিযোগ, প্রতিটি বাস ছাড়ার আগে ১০০ টাকা চাঁদা দিতে হয়। এ রাতেই চাঁদা ওঠে সাড়ে ছয় হাজার টাকা। এই টার্মিনাল থেকে মাসে প্রায় দুই লাখ টাকা চাঁদা তোলা হয়।
পরিবহনমালিকেরা জানান, এ এলাকায় ১৬টি কাউন্টারও রয়েছে। প্রতিটি কাউন্টার থেকে ১০০ টাকা করে দিনে এক হাজার ৬০০ টাকা চাঁদা তোলা হয়। বাসস্ট্যান্ডকে ঘিরে আশপাশের ফুটপাতে শতাধিক হকার বসেন। প্রত্যেক হকারের কাছ থেকেও দিনে গড়ে ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা ও অলংকার মোড়ের নির্মাণসামগ্রীর ব্যবসায়ী জহুরুল আলম বলেন, ‘পরিবহনশ্রমিক ও ভাসমান ব্যবসায়ীদের নানা অভিযোগ আমরা পাই। আমরা ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে উদ্যোগ নিয়েও চাঁদাবাজি ঠেকাতে পারিনি।’
অলংকারের একটি কাউন্টারের টিকিটবিক্রেতা নাম না প্রকাশের শর্তে না বলেন, ‘পাহাড়তলী থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন ও যুবলীগ নামধারী সিরাজুল ইসলামের অনুসারীরা এ চাঁদা তোলেন। এটা আমাদের গা-সওয়া হয়ে গেছে। বিএনপির আমলেও আমরা চাঁদা দিয়েছি।’
তবে মোজাফফর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। বিভিন্ন কাউন্টারের সামনে ভুয়া টিকিট বিক্রি করে যাত্রীদের হয়রানি করে আসছে। আমরা এসব খারাপ কাজ ঠেকিয়ে দিয়েছি।’
চাঁদাবাজির বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, ‘আমি গরিবের ছেলে। অলংকার মোড়ে চারটি কাউন্টার বানিয়ে ভাড়া আদায় করি। সেটা দিয়ে আমার সংসার চলে। বাস বা ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি করি না।’ কাউন্টারের জায়গার মালিক কে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারি জায়গায় আমি কাউন্টার বানিয়েছি। আমি তো চুরি-ডাকাতি করছি না। ব্যবসা করে খাচ্ছি।’
শাহ আমানত সেতু এলাকা: দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের ১৭টি রুটের শতাধিক লোকাল বাসসহ এক হাজারের বেশি ছোট-বড় গাড়ি চলে এ সেতু দিয়ে। সেতুর দুই পারে সংঘবদ্ধ চাঁদাবাজ দল অটোরিকশা, টেম্পো থেকে ১০ টাকা এবং বাস থেকে ৫০ টাকা করে চাঁদা নিচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা হায়দার আলীসহ কয়েকজনের নামে চাঁদা তোলা হয় বলে পরিবহনমালিকেরা অভিযোগ করেছেন।
চাঁদাবাজি ঠেকাতে এক মাস আগে পরিবহনমালিকেরা স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কাছে যান। এরপর প্রতিমন্ত্রীর নির্দেশে পুলিশ দুই দফায় তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করেন।
চাঁদাবাজির অভিযোগ বিষয়ে কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী বলেন, ‘আমাদের নামে চাঁদা ওঠানো হতো। এরপর আমরা ভূমি প্রতিমন্ত্রীর নজরে বিষয়টি আনি। তাঁর নির্দেশে পুলিশ তিনজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে।’
স্থানীয় ব্যবসায়ী নাজিমউদ্দিন হায়দার বলেন, ‘প্রায় এক হাজার অটোরিকশা, টেম্পো ও ছোট গাড়ি সেতু পার হয়। প্রতিটি গাড়ি থেকে ১০ টাকা এবং বাস থেকে ৫০ টাকা তোলা হয়। প্রতিদিন ১৫-১৬ হাজার টাকা চাঁদা ভাগ করে নেন সাত-আট যুবক। তিনি জানান, সেতুর মইজ্জারটেক অংশে পুলিশের অভিযানের কারণে এখন আর চাঁদা তোলা হয় না। তবে সেতুর অন্য অংশ বাকলিয়া থেকে চাঁদা তোলা হচ্ছে।
অক্সিজেন: রাঙামাটি, খাগড়াছড়ি, রাউজান, ফটিকছড়ি ও হাটহাজারীসহ ৩২টি রুটের গাড়ি অক্সিজেন মোড় থেকে ছেড়ে যায়। এ টার্মিনালটি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মঞ্জুরুল আলম নিয়ন্ত্রণ করেন। তাঁর কারণে এখানে কোনো বাস থেকে চাঁদা তোলা হয় না বলে পরিবহনশ্রমিকেরা বলছেন।
তবে অক্সিজেন এলাকায় অবৈধ টেম্পোস্ট্যান্ড রয়েছে। সেখান থেকে চাঁদা তোলা হয় বলে চালকেরা অভিযোগ করেছেন।
সিএনজিচালিত অটোরিকশার চালক ফরিদ উদ্দিন বলেন, অক্সিজেন মোড়ে গেলেই ১০ টাকা চাঁদা দিতে হয়। একই অভিযোগ টেম্পো সহকারী আবদুর রহিমের। তিনি বলেন, ‘আমরা ২০ টাকা করে চাঁদা দিই।’
এ বিষয়ে মঞ্জুরুল আলম বলেন, ‘৩২ রুটের বাসে চাঁদাবাজি কঠোরভাবে বন্ধ করা হয়েছে। তবে অটোরিকশা ও টেম্পোগুলোতে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজেরা উঠতি বয়সের স্থানীয় তরুণ। পুলিশ তাদের সহযোগিতা করে বলে আমরা শুনেছি।’ তিনি বলেন, ‘প্রতিদিন এক হাজার অটোরিকশা ও ৩০০ টেম্পো থেকে চাঁদা আদায় হয়, যা ১৫-১৬ হাজার টাকার বেশি।’
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (সংরক্ষিত আসন) ফেরদৌস বেগম বলেন, গাড়ির অবৈধ স্ট্যান্ডটি সরিয়ে নিলে চাঁদাবাজি কমে যাবে।’
এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, ‘চাঁদাবাজির ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পাইলে আমরা অভিযান চালিয়ে তাদের ধরব।’ চাঁদাবাজদের পরিচয় জানতে চাইলে ওসি বলেন, ‘ওরা নিজেদের যুবলীগ পরিচয় দেয়। তবে নাম জানি না।’