চাঁদা না দেওয়ায় চকরিয়ায় ১২ বসতঘর ভাঙচুর
চাঁদা না পেয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের লাল মিয়ার দোকান এলাকায় গত রোববার দিবাগত রাতে ১২টি বসতঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন আমির হোসেন, আবদুর রশিদ, আহমদ হোসেন, জনুয়ারা বেগম, মনোয়ারা বেগম, নুরুল ইসলাম, মোহাম্মদ কালু, নেজাম উদ্দিন, মো. রাসেল, জয়নাল আবেদিন, মোহাম্মদ ঈসমাইল ও আবদুস শুক্কুর।
ক্ষতিগ্রস্ত আহমদ হোসেন ও আমির হোসেন বলেন, ‘রোববার দিবাগত রাতে অর্ধশতাধিক সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা ১২টি বসতঘর ভেঙে দেয় ও মালামাল লুট করে।’
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন, সন্ত্রাসীরা তাঁদের এই বলে হুমকি দিয়ে আসছে যে লাল মিয়ার দোকান এলাকায় বসবাস করতে হলে চাঁদা দিতে হবে। তাঁরা বলেন, চাঁদা না দিলে সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর করে। এক বছর আগেও নয়টি বসতঘর ভেঙে দিয়েছিল তারা। পুলিশ ওই ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে সন্ত্রাসীরা আবারও বসতঘর গুঁড়িয়ে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন, প্রতি রাতেই সন্ত্রাসীরা গুলি ছুড়ে ভয়ভীতি দেখায়।
বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউদ্দিন চৌধুরী বলেন, কিছুসংখ্যক ভূমিহীন ৫০ বছর ধরে পাহাড়ে বসবাস করে আসছে। পাশের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কিছু দাগি সন্ত্রাসী এসব লোকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এক বছরের মধ্যে দুবার বসতঘর ভাঙচুর করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘হামলা-ভাঙচুরের ঘটনায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে না—এই অভিযোগ
ঠিক নয়। বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এক বছরের মধ্যে দুটি মামলা হয়েছে। কিন্তু হামলাকারী সন্ত্রাসীরা পাহাড়ে অবস্থান করায় তাদের ধরা সম্ভব হয়নি।’ তিনি বলেন, যেভাবেই হোক সন্ত্রাসীদের ধরা হবে।