চাঁদা না দেওয়ায় বাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট উপলক্ষে অনুষ্ঠানের জন্য চাঁদা না দেওয়ায় সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা দুই দফায় অন্তত ১২টি বাস ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। কলেজের সামনের সড়ক অবরোধ করে গাড়ি চলাচলও বন্ধ করে রেখেছেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাহাদুর শাহ পার্কের উত্তর পাশের সড়কে গত শনিবার রাত আটটার দিকে সদরঘাট থেকে রামপুরা রোডে চলাচলকারী ভিক্টর পরিবহনের চারটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। একই জায়গায় গতকাল রোববার বেলা ১১টার দিকে আজমেরী পরিবহনের ছয়টি ও ভিক্টর পরিবহনের আরও দুটি বাসের কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া শনিবার রাতে ভাঙচুরের পর থেকে ওই সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ (একমুখী) রেখেছেন তাঁরা। ফলে গতকাল সকাল থেকেই ওই এলাকায় ছিল তীব্র যানজট।
বেলা দুইটায় সরেজমিনে দেখা যায়, কলেজ ফটকের ভেতরে চেয়ার নিয়ে বসে আছেন ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী। আর কলেজের সামনের সড়কটি জনসন রোড থেকে সিমেন্টের তৈরি সড়ক বিভাজনের ব্লক দিয়ে অবরোধ করে রাখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রাফিক পুলিশ বলেন, সড়কটি বন্ধ থাকায় বাস ঘোরাতে সমস্যায় পড়ছেন চালকেরা। ভিক্টর পরিবহন রোড কমিটির কয়েকজন সদস্য জানান, ১৫ আগস্ট উপলক্ষে অনুষ্ঠানের জন্য চাঁদা চেয়েছিল ছাত্রলীগ। কিন্তু তাদের সঙ্গে দেখা না করায় ১২টি বাস ভাঙচুর ও কয়েকজন পরিবহনশ্রমিককে মারধর করা হয়। এ ব্যাপারে পুলিশের কাছে মৌখিক অভিযোগ দিয়েও লাভ হয়নি। তাই নিরাপত্তার অভাবে ভিক্টর পরিবহনের কোনো চালকই ওই সড়কে বাস চালাতে রাজি নন।
তবে পরিবহনমালিকদের কাছে চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন কলেজ ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান। তাঁদের ভাষ্য, কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই সড়কটি বন্ধ রাখা হয়েছে। কারণ, যেকোনো মুহূর্তে ওই সড়কে দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া কিছুদিন আগে ওই সড়কে কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিবাদ: প্রথম আলোর অনলাইন সংস্করণে গতকাল এ-সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর এর প্রতিবাদ জানিয়েছেন ভিক্টর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেখ ও সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।
মিজানুর রহমান প্রতিবাদলিপিতে উল্লেখ করেন, প্রতিবেদনটিতে তাঁর নাম ব্যবহার করে একটি ভিত্তিহীন মন্তব্য ব্যবহার করা হয়েছে। কোনো প্রতিবেদকের সঙ্গেই এ বিষয়ে তাঁর কথা হয়নি। রাকিবুল ইসলাম প্রতিবাদলিপিতে উল্লেখ করেন, বাস ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের ন্যূনতম সম্পৃক্ততা নেই। শিক্ষার্থীরা দুর্ঘটনা এড়াতে কলেজের সামনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে। ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।