চাঁদা না দেওয়ায় বাসচালককে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের নারায়ণগঞ্জের ফকিরবাড়ি এলাকায় একজন বাসচালককে গতকাল সোমবার অপরহণ করে সন্ত্রাসীরা। পুলিশ অবশ্য তাঁকে উদ্ধার করেছে।

ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সানাউল্লাহ ব্যাপারী অভিযোগ করেন, ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের নারায়ণগঞ্জের ফকিরবাড়ি এলাকায় স্থানীয় দেলোয়ার হোসেনের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী গতকাল বিভিন্ন বাসে চাঁদা আদায় করতে থাকে। বেলা ১১টার দিকে দীঘিরপার পরিবহনের একটি বাসের কাছে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় বাসটির চালক সোহেল মিয়াকে অপহরণ করে সন্ত্রাসীরা। সঙ্গে বাসটিও। চাঁদা না পেয়ে এরপর আরও সাতটি বাস ভাঙচুর করে সন্ত্রাসীরা। বেলা একটার দিকে নারায়ণগঞ্জের কয়লাঘাট থেকে বাসচালক সোহেলসহ গাড়িটি উদ্ধার করে পুলিশ।

বাসচালক সোহেলকে অপহরণের প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা মুক্তারপুর এলাকায় ব্যাড়িকেড সৃষ্টি করেন। বেলা দুইটা থেকে মুক্তারপুর এলাকায় এলোপাতাড়ি বাস রেখে রাস্তায় অবরোধ সৃষ্টি করেন তাঁরা। বিকেল সাড়ে চারটা পর্যন্ত ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ ছিল। পরে মুন্সিগঞ্জ পুলিশ অবরোধ তুলে দেয়।