চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় সিরাজ পাঠান (৬৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সিরাজ পাঠান চাঁদপুরের মতলব উপজেলার মাথাভাঙ্গা এলাকার হালিম পাঠানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সিআই খোলা বউবাজার এলাকায় তাঁর ভায়রা আবদুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন। শিমরাইল মোড়ে মুঠোফোনের দোকান চালাতেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় সৌদি আরবপ্রবাসী অপর ভায়রা জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারক করছিলেন সিরাজ পাঠান। কয়েক দিন ধরে বাতানপাড়ার আফজাল হোসেনের ছেলে শুক্কুর, তার ভাই পাপ্পুসহ কয়েকজন তাঁর কাছে চাঁদা চেয়ে আসছিল। গতকাল বেলা একটার দিকে তারা পুনরায় সিরাজ পাঠানের কাছে গিয়ে চাঁদা চায়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শুক্কুর, পাপ্পুসহ অন্যরা সিরাজ পাঠানকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিরাজের মৃত্যু হয়।
ঘটনা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া জানান, এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।