চাঁদা না দেওয়ায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ
বরিশালের গৌরনদী উপজেলায় কথিত এক বেদে সর্দারের দাবি করা চাঁদা দিতে অস্বীকার করায় সাধারণ বেদে পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছয় মাস ধরে এ ধরনের হয়রানি করা হচ্ছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পৌর সদরের টরকীর চর গ্রামে নদীর তীরে ২০ বছর ধরে প্রায় ৫০০ বেদে পরিবার বসবাস করে আসছে। ওই বেদেপল্লির সর্দার ছিলেন ঝালকাঠি জেলার কৃষ্ণকাঠি গ্রামের রুস্তম আলী ওরফে আব্দুর রহিম। ২০১১ সালে প্রতারণা ও চাঁদাবাজির ঘটনায় আব্দুর রহিমকে সর্দারের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর আব্দুর রহিম কৃষ্ণকাঠি গ্রামে ফিরে যান। সেখানে গিয়ে নতুন করে একটি বেদে দল গঠন করেন। ২০১২ সাল থেকে নিজেকে বিভাগীয় বেদে সর্দার হিসেবে ঘোষণা করেন।
বেদেপল্লির নান্নু সরদার, স্বপন সরদার, জাহাঙ্গীর সরদারসহ অনেকেই বলেন, আব্দুর রহিম প্রতিটি বেদে পরিবারের জন্য মাসিক ৭০০ টাকা করে চাঁদা নির্ধারণ করেন। এভাবে গত তিন বছরে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। ছয় মাস ধরে সাধারণ বেদে পরিবারের লোকজন চাঁদা দিচ্ছেন না। এতে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে বেদে পরিবারগুলোকে নানাভাবে নির্যাতন ও হয়রানি করে আসছেন।
স্বপন অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় আব্দুর রহিম ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁর পরিবারের সাতজনকে আসামি করে গত মে মাসে একটি মামলা করেন। তিনি পলাতক থাকায় রহিম তাঁর স্ত্রী ও মেয়েকে আস্তানায় আটকে রাখেন। পরে জরিমানা, মামলার খরচসহ সাড়ে তিন লাখ টাকা দিয়ে তাঁদের মুক্ত করেন।
মজিবর সরদার ও আবদুল জলিল সরদার অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় আব্দুর রহিমের ছোট ভাই আলাউদ্দিন সরদার গত জুন মাসে একই আদালতে একটি চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগে তিনজনকে আসামি করে মামলা করেন। পরে মীমাংসার নামে আড়াই লাখ টাকা হাতিয়ে নেন।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, বেদেপল্লির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে খবর পাওয়া যায়। কিন্তু অভিযান চালিয়ে কিছু পাওয়া যায়নি।
আব্দুর রহিম নিজেকে বরিশাল বিভাগীয় সর্দার দাবি করে বলেন, ‘আমি কারও কাছে চাঁদা দাবি করিনি। বরং অভিযোগকারীরাই আমার পল্লির বেদেদের কাছে চাঁদা দাবি করেন।’