চাঁদা না দেওয়ায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় গৌরনদী পৌর এলাকার সেন্ট পিটার ফিলিংস্টেশনে গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কর্মী ও এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা পেট্রলপাম্পের কর্মচারী খলিলুর রহমান ঘরামিকে মারপিট করে রক্তাক্ত জখম করে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও মামলার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের কর্মী হীরা ব্যাপারী ও তাঁর সহোদর রাসেল ব্যাপারীসহ সাত-আটজন পেট্রলপাম্পে গিয়ে খলিলুর রহমানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা খলিলকে মারধর করেন। খলিলকে রক্তাক্ত ও জখম করে তাঁরা খলিলের কাছ থেকে তেল বিক্রির ১৮ হাজার ৯৬০ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ফিলিংস্টেশনের ব্যবস্থাপক শেখ আকতার হোসেন বাদী হয়ে গৌরনদী থানায় মামলা করেন। পুলিশ গতকাল শুক্রবার সকালে হীরা ও রাসেলকে গ্রেপ্তার করে। হীরা ও রাসেল চাঁদা দাবি করার অভিযোগ অস্বীকার করেছেন। গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুল আলম বলেন, হীরা ও রাসেল ছাত্রলীগের কেউ নন। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি|