চাঁদা না দেওয়ায় হামলা, হাতুড়িপেটায় আহত ৫
দাবি করা চাঁদা না দেওয়ায় গতকাল রোববার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির সেতু এলাকায় মো. আবদুল জলিল (৫৫) নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। ওই সময় পাঁচজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়।
স্থানীয় মো. কবির হোসেন (৩৮) নামে যুবলীগের এক কর্মীর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী ওই হামলা করেছে বলে আবদুল জলিল অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই সেতু এলাকায় নিজ জমিতে আবদুল জলিল ঘর তোলার সিদ্ধান্ত নিলে কবির হোসেন তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। গতকাল ভোরে জলিল তাঁর লোকজন নিয়ে ঘরের কাজ শুরু করেন। খবর পেয়ে সকাল আটটার দিকে কবির হোসেন ২০-২৫ জন লোক নিয়ে গিয়ে ওই কাজ বন্ধ করতে বলেন এবং দাবি করা দুই লাখ টাকা না দেওয়া পর্যন্ত ঘরের কাজ বন্ধ রাখতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কবির ও তাঁর লোকজন জলিলের বাড়িতে হামলা চালিয়ে নির্মাণাধীন ঘরের খুঁটি ও বেড়া ভেঙে ফেলেন। এতে বাধা দেওয়ায় ফয়জুল্লাহ চুন্নু, অলিউল্লাহ, আফজাল, জাফর ও আবদুল জলিলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এঁদের মধ্যে গুরুতর আহত ফয়জুল্লাহ চুন্নু ও অলিউল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কবির হোসেন চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন। কে বা কারা হামলা চালিয়েছে তা তিনি জানেন না বলে দাবি করেন।
এ ঘটনায় আবদুল জলিল বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’