চাঁদা না দেওয়ায় উচ্ছেদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুরের নতুন বছিলা সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিপণিবিতানের অংশ গতকাল ভেঙে ​দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন l ছবি: প্রথম আলো
মোহাম্মদপুরের নতুন বছিলা সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিপণিবিতানের অংশ গতকাল ভেঙে ​দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন l ছবি: প্রথম আলো

অবৈধ দখলের অভিযোগে মোহাম্মদপুর বছিলা নতুন সড়কের পাশের একটি মার্কেটের অংশবিশেষ গত বৃহস্পতিবার ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি বলছে, দীর্ঘদিন পরে উদ্ধার হওয়া এই জায়গায় গণশৌচাগার ও যাত্রীছাউনি নির্মাণ করা হবে। তবে ওই জায়গার মালিক দাবিদার ব্যক্তির অভিযোগ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে চাঁদা না দেওয়ায় এই উচ্ছেদ।
ডিএনসিসির সম্পত্তি বিভাগ সূত্রে জানা যায়, মোহাম্মদপুর-বছিলা এলাকার কিছু জায়গা ১৯৮৮-৮৯ সালের একটি সরকারি গেজেটের মাধ্যমে অধিগ্রহণ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের থেকে হস্তান্তর মূলে এই জমির বর্তমান মালিক ঢাকা উত্তর সিটি করপোরেশন। বছিলা নতুন সড়ক করার সময় এই অধিগ্রহণ করা জায়গার কিছু অংশ ব্যবহৃত হয়েছে। নতুন সড়ক হওয়ার পরেও কিছু জায়গা থেকে যায়। জায়গাগুলো এত দিন অন্যের দখলে ছিল। গত বৃহস্পতিবার ওই জায়গা দখলমুক্ত করা হয়।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘জায়গাটি এক শ ভাগ সিটি করপোরেশনের। জমির মালিক দাবিদার লোকটির বিরুদ্ধে সিটি করপোরেশনের পক্ষ থেকে ফৌজদারি মামলা করা হবে। একদিকে সিটি করপোরেশনের জায়গা দখল করেছে আবার উল্টাপাল্টা অভিযোগ করছে।’
গত বৃহস্পতিবার দুপুরে প্রধান সম্পত্তি কর্মকর্তার উপস্থিতিতেই সিটি করপোরেশনের লোকজন জায়গাটিতে উচ্ছেদ পরিচালনা করেন। উদ্ধার করা জায়গাটি দৈর্ঘ্যে প্রায় ১৮০ ফুট আর প্রস্থে ১১ ফুট। বর্তমান বাজারমূল্যে জায়গাটির পরিমাণ কয়েক কোটি টাকা। ১২০ ফুট চওড়া বছিলা নতুন সড়কটিতে কোনো যাত্রীছাউনি আর গণশৌচাগার না থাকায় উদ্ধার হওয়া জায়গায় একটি যাত্রীছাউনি ও গণশৌচাগার নির্মাণ করা হবে বলে ডিএনসিসি সূত্রে জানা গেছে।
তবে ওই জায়গার মালিক দাবিদার রফিকুল ইসলাম বলেন, ‘৬/এ, ঢাকা রিয়েল এস্টেট ঠিকানায় একটি মার্কেট ২৩ বছর ধরে ভোগদখল করছি। এই বছরের শুরুর দিকে মার্কেটটির সংস্কার করার কাজ আরম্ভ করলে মো. কামাল ওরফে সিএনজি কামাল একাধিকবার এসে চাঁদা দাবি করে। কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের নাম উল্লেখ করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে।’
১ আগস্ট মো. কামালের নাম উল্লেখ করে রফিকুল ইসলামের ছেলে আহমেদ আবরিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় চাঁদাবাজির মামলা করেন। মামলার নথিতে বলা হয়েছে, ‘গত ১৮ জুলাই কামাল এবং তার সহযোগীরা নির্মাণাধীন মার্কেটের শ্রমিকদের মারধর করে। কামাল বলেন, ৩০ লাখ টাকা চাঁদা না দিলে কাজ করতে দেওয়া হবে না এবং টাকা না দিলে খুন জখমের হুমকি দেয়।’
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামালউদ্দিন মীর প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির মামলায় মো. কামালকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।
জানতে চাইলে কাউন্সিলর তারেকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘অবৈধ দখলে থাকা জায়গা সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ উচ্ছেদ করেছে। সম্পত্তি বিভাগের অনুরোধে সেখানে উপস্থিত ছিলাম। আমি কাউন্সিলর হওয়ার আগেও এই জায়গায় উচ্ছেদ হয়েছিল। অবৈধ জায়গা দখলে রাখতে না পেরে অযথা এসব অভিযোগ করছেন। যেসব সস্তা অভিযোগ করেছেন, সেগুলো দিয়ে উন্নয়নকাজ দমিয়ে রাখা যাবে না।’
কাউন্সিলরের এক নিকটাত্মীয়ের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিয়েছেন জমির মালিক দাবিদার রফিকুল। সেই কথোপকথনে রফিকুলকে একাধিকবার বলতে শোনা যায়, ‘শান্তিপূর্ণ সমাধান করতে চাই। চাঁদাবাজির কোনো অভিযোগ করি নাই। এগুলো সাংবাদিকদের ভাঁওতাবাজি। শত্রুপক্ষ আমার ছেলেকে পটায়ে স্বাক্ষর নিছে।’