চাঁদা না দেওয়ায় কাভার্ড ভ্যান ভাঙচুর, টাকা লুট
চাঁদা না দেওয়ায় কুমিল্লার চান্দিনায় একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করে মাছের খাবার ও তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার পূর্ববাজার মুক্তধারা লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান হোসেন বাদী হয়ে চান্দিনা থানায় একটি এজাহার দায়ের করেন। থানার ওসি নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেন।
এজাহারে ব্যবসায়ী ইমরান হোসেন উল্লেখ করেন, বুধবার সকাল আটটায় চান্দিনা পূর্ববাজার মুক্তধারা লাইব্রেরির সামনের পাকা রাস্তা দিয়ে কাভার্ড ভ্যানে করে চালক ইউনুস ও তাঁর সহকারী মো. সাইফুল তাঁদের মালামাল নিয়ে যাচ্ছিলেন। এ সময় গাড়ির গতি রোধ করে চান্দিনা পৌরসভার মহারং এলাকার মিজানুর রহমান বলেন, এ রাস্তা দিয়ে যেতে হলে প্রতি মাসে এক লাখ টাকা করে চাঁদা দিতে হবে। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা চালককে মারধর করেন এবং চালকের সিটের পাশের বাক্স থেকে তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে যান। তখন তাঁদের সঙ্গীরা কাভার্ড ভ্যানের সামনের গ্লাস ভাঙচুর করেন। একই সঙ্গে তাঁরা মাছের ৪৭ বস্তা খাবার নিয়ে যান।