চাঁদা না দেওয়ায় কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় গত শুক্রবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার কালনা গ্রামের জুয়েল ফকিরকে (২২) কুপিয়ে মারাত্মক জখম করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে জুয়েলের ভাই সোহেল ফকির বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা করেছেন। থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
থানা-পুলিশ সূত্র জানায়, কালনা গ্রামের জুয়েল ফকির ও তাঁর ভাই সোহেল ফকির (২৪) পৈতৃক ভিটায় নতুন পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। বাড়ি নির্মাণের কাজ শুরু করলে একই গ্রামের আজগর খন্দকার (২০) ও তাঁর সহযোগীরা তাঁদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় শুক্রবার রাতে দিয়াশুর এলাকায় তারা জুয়েলকে কুপিয়ে জখম করেন।
আজগর খন্দকার বলেন, ‘হাতাহাতির ঘটনা ঘটেছে মাত্র।’