চাঁদা না দেওয়ায় খুন হন সিদ্দিক মুন্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়িক দ্বন্দ্ব ও ব্যক্তিগত শত্রুতার কারণেই বনানীর ব্যবসায়ী সিদ্দিক হোসাইন মুন্সিকে (৫১) খুন করা হয়েছে বলে পুলিশ মনে করছে। তবে স্বজনদের দাবি, চাঁদা না দেওয়ায় প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

গতকাল বুধবার দুপুরে ব্যবসায়ী সিদ্দিক হত্যার ঘটনায় তাঁর স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। এজাহারে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে পুলিশ এ হত্যায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা বনানীতে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এস মুন্সি ওভারসিজে ঢুকে মালিক সিদ্দিক হোসেন মুন্সিকে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে। তারা বেরিয়ে যাওয়ার সময় প্রতিষ্ঠানটির তিন কর্মচারী মোস্তাফিজুর রহমান (৪২), মোখলেসুর রহমান (৩৮) ও মির্জা পারভেজ আহমেদকে (২৮) গুলি করে চলে যায়। আহত তিনজন গতকাল চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন।

বনানী থানায় করা মামলাটি থানা-পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ছায়া তদন্ত করছে।

তদন্ত তদারকের সঙ্গে সম্পৃক্ত পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নিহত সিদ্দিক মুন্সির প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী বায়েজিদসহ কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ছাড়া তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে ও তদন্তে খুনের কারণ নিয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ব্যবসায়িক দ্বন্দ্ব ও ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হামলাকারীরা সিন্দুকে টাকা থাকলেও তা লুট করেনি বলে পুলিশ জানায়।

ওই কর্মকর্তা বলেন, চার খুনি পরিকল্পিতভাবে সিদ্দিক মুন্সিকে খুন করতে তাঁর প্রতিষ্ঠানে ঢুকেছিল। একপর্যায়ে সিদ্দিক মুন্সির চিৎকারে কর্মচারীরা এগিয়ে গেলে তারা তাঁদের গুলি করে চলে যায়।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খান প্রথম আলোকে বলেন, খুনিরা পাশের কামাল আতাতুর্ক অ্যাভিনিউ হয়ে কাকলীর দিকে চলে যায়। এস মুন্সি ওভারসিজে সিসি ক্যামেরা না থাকলেও দোতলার সিঁড়িতে সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। ওই ফুটেজে আসামি শনাক্ত করার চেষ্টা চলছে।

ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহফুজুল আমিন রাসেল প্রথম আলোকে বলেন, সিসি ফুটেজে দেখা যায়, মাস্ক পরা চার খুনি মঙ্গলবার রাত ৮টা ৫৫ মিনিটে ঢোকে। তারা পেশাদার খুনি। চার মিনিটের মধ্যে হতাহতের ঘটনা ঘটিয়ে সিসি ফুটেজে তাদের বেরিয়ে যেতে দেখা গেছে। কিন্তু ওই সিসি ক্যামেরার ফুটেজ অস্পষ্ট।

নিহত সিদ্দিক মুন্সির স্ত্রী ও মামলার বাদী জোসনা বেগম প্রথম আলোকে বলেন, টাঙ্গাইলের ঘাটাইলের আবদুস সালাম তাঁর স্বামীর নামে চার-পাঁচটি মিথ্যা মামলা করেছেন। চাঁদা না দেওয়ায় সালাম তাঁর স্বামীর নামে এসব মিথ্যা মামলা করেছেন। ছয় মাস আগে ওই মামলায় টাঙ্গাইলের আদালতে হাজিরা দিতে গেলে সালামের সহযোগীরা সিদ্দিক মুন্সির ওপর হামলা করেন। চাঁদা না দেওয়ায় সালাম তাঁকে ও তাঁর সন্তানদের অপহরণের হুমকি দেন। এ ঘটনায় তাঁর স্বামী উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছিলেন।

গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে সিদ্দিক মুন্সির লাশ নিউ ইস্কাটন রোডে বায়রার কার্যালয়ে নেওয়া হয়।