চাঁদা না দেওয়ায় গির্জার ফাদারকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলাপল্লী তাড়িয়াপাড়া গ্রামের যিহোবাযীরি ব্যাপটিস্ট চার্চের ফাদারকে দুর্বৃত্তরা হত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় গত শনিবার তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জিডি সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ ফেলোশিপের আওতায় যিহোবাযীরি ব্যাপটিস্ট চার্চে খোকন রায় (৪৩) দীর্ঘদিন ধরে ফাদারের দায়িত্ব পালন করে আসছেন। মিশনের স্কুলে তিনি শিক্ষকতাও করেন। গত অক্টোবরে প্রথমবার দুর্বৃত্তরা খোকন রায়ের মুঠোফোনে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তা না দেওয়ায় তাঁকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার দুর্বৃত্তরা তাঁকে হুমকি দিয়ে বলে, ‘তুই মৃত্যুর জন্য প্রস্তুত থাক। তোর মৃত্যু অবধারিত।’ এ কারণে তিনি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
খোকন রায় বলেন, ‘পাঁচ মাস ধরে অপরিচিত মুঠোফোন নম্বর থেকে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে জিডি করেছি।’
তাঁর স্ত্রী সুপ্রভা রায় বলেন, ‘চাঁদা না দেওয়ায় ছেলে ও স্বামীকে হত্যার হুমকি দেওয়ায় ভয়ে আছি।’