চাঁদা না দেওয়ায় চেয়ারম্যানকে কুপিয়ে জখম
চাঁদা না পেয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিককে কুপিয়ে জখম করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মসূয়া সড়কের কাছে তিনি হামলার শিকার হন।
হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সাব্বির মিয়া নামের এক তরুণকে আটক করেন। সাব্বির মসূয়া গ্রামের বাসিন্দা। আবু বক্কর সিদ্দিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আবু বক্করের পরিবারের সদস্যরা জানান, কিছুদিন ধরে স্থানীয় কয়েকজন মুঠোফোনে চেয়ারম্যানের কাছ থেকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। না দিলে তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হয়। এ অবস্থায় চেয়ারম্যান ৩ মার্চ কটিয়াদী থানায় সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মসূয়া সড়কের কাছে তাঁর ওপর হামলা চালানো হয়।
আবু বক্কর সিদ্দিক বলেন, মসূয়া গ্রামের বাড়ি ফেরার পথে তিনজন তাঁর ওপর চড়াও হয়। তাদের হাতে দা ছিল। আটক হওয়া সাব্বিরই মুঠোফোনে তাঁর কাছে ৩০ লাখ টাকা দাবি করে আসছিলেন।
কটিয়াদী থানার ওসি হেদায়াতুল ইসলাম বলেন, মূলত পূর্বশত্রুতার জের ধরে চেয়ারম্যান হামলার শিকার হন। এ ঘটনায় চেয়ারম্যান বাদী হয়ে সাব্বিরসহ তিন তরুণকে আসামি করে মামলা করেছেন। সাব্বির মিয়া বলেন, ‘অনৈতিক পথে চেয়ারম্যান অনেক টাকা আয় করেছেন। এ কারণে কিছু টাকা আমাদের দিয়ে দেবার জন্য বলেছিলাম।’ চেয়ারম্যান টাকা দেননি বলে চড়াও হয়েছেন বলে জানান সাব্বির।